Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কপিল, বোথামদের ক্লাবে জাড্ডু

ভারতের টেস্ট দলে তাঁর কামব্যাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। নিন্দুকদের যুক্তি ছিল, নির্বাচকরা পিছনের দিকে হাঁটছেন।

কপিল, বোথামদের ক্লাবে জাড্ডু
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গল: ভারতের টেস্ট দলে তাঁর কামব্যাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। নিন্দুকদের যুক্তি ছিল, নির্বাচকরা পিছনের দিকে হাঁটছেন। এখন সামনে তাকানো উচিত। এসবে কান দেননি রবীন্দ্র জাদেজা। ভালো পারফরম্যান্সেই তিনি যাবতীয় সমালোচনার জবাব দিতে চেয়েছিলেন। সেই জেদেই জাড্ডু জায়গা করে নিলেন কপিল দেব, ইয়ান বোথাম, ড্যানিয়েল ভেত্তোরিদের ক্লাবে। টেস্ট ফরম্যাটে সাড়ে তিনশো বা তার বেশি উইকেট এবং চার হাজারের উপর রান সংগ্রহকারীর তালিকায় ঢুকে পড়লেন জাড্ডু। হরিয়ানা হ্যারিকেন কপিলের ঝুলিতে ৫২৪৮ রান এবং ৪৩৪ উইকেট। একটু পিছিয়ে বোথাম। ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ৩৮৩টি শিকারের পাশাপাশি ৫২০০ রান করেছেন। ভেত্তোরি ১১৩ টেস্টে ৪৫৩১ রানের সঙ্গে ঝুলিতে পুরেছেন ৩৬২ উইকেট। আর জাদেজা ৯০ টেস্টে ৩৫০ উইকেটের সঙ্গে ৪১০৮ রান করে ঢুকে পড়লেন এলিট ক্লাবে।

Advertisement

গল টেস্টের তৃতীয় দিনে প্রত্যাশা মতোই দাপট দেখালেন ভারতীয় স্পিনাররা। কুলদীপ যাদব পেলেন একটি উইকেট। নবাগত সুথার শ্রীলঙ্কার চার ব্যাটারকে ফিরিয়েছেন। আর জাড্ডু নিয়েছেন তিন উইকেট। দ্বিতীয় শিকারের পর ৩৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। পঞ্চম ভারতীয় বোলার হিসাবে এই নজির গড়লেন বাঁ হাতি অলরাউন্ডার। তাঁর আগে আছেন অনিল কুম্বলে (৬১৯), রবিচন্দ্রন অশ্বিন (৫৩৭), কপিল দেব (৪৩৪) ও হরভজন সিং (৪১৭)।

Advertisement
সম্পর্কিত সংবাদ