দীপাবলির মরশুম ও শাহরুখ খানের জন্মদিন— জোড়া উৎসবে সেজে উঠেছে মন্নত। আজ, শনিবার অভিনেতার ৫৯তম জন্মদিন। শুক্রবার থেকেই শুরু হয়েছে উৎসব। এদিন সন্ধ্যা থেকেই মুম্বইয়ে অভিনেতার বাড়ি মন্নতের সামনে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। আজ দিনভর চলবে উদযাপন। সন্ধ্যায় একটি পার্টির আয়োজন করা হয়েছে। মোট ২৫০ জন অতিথি নিমন্ত্রিত। শাহরুখ ও গৌরীর টিমের তরফে রণবীর সিং, সইফ আলি খান, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, অ্যাটলি, জোয়া আখতার, ফারহা খান, শানায়া কাপুর, মাহিব কাপুর, করণ জোহর, অনন্যা পান্ডে, আলিয়া ভাটের মতো তারকারা নিমন্ত্রিত। পার্টি শেষে স্ত্রী গৌরী খান, সন্তান ও পরিবারের অন্যান্যদের সঙ্গে ডিনার করবেন কিং খান। আগামী বছর মুক্তি পাবে ‘কিং’। এই ছবিতে ধূসর চরিত্রে শাহরুখকে দেখা যাবে।



