নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেতন সমস্যার সঙ্গে হারের ধারাবাহিকতা। জোড়া ধাক্কা বুকে নিয়েই বৃহস্পতিবার ঘরের মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে খালিদ জামিল ব্রিগেড রয়েছে তিন নম্বরে। সাদা-কালো বাহিনী সেখানে সমসংখ্যক ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগের লাস্ট বয়। তবে কিশোর ভারতী স্টেডিয়ামে জামশেদপুরের থেকে পয়েন্ট কাড়ার সুযোগ রয়েছে মহমেডানের। বেঙ্গালুরু ও নর্থইস্টের কাছে হেরে কলকাতায় এসেছে ইস্পাত নগরীর ফ্র্যাঞ্চাইজিটি। তবে কাজটা কঠিন। কার্ড সমস্যায় এই ম্যাচেও খেলতে পারবেন না কাসিমভ। তার উপর টানা চার ম্যাচের ব্যর্থতা। তবে স্বস্তি দিচ্ছেন ফ্রাঙ্কা। গত রবিবার ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোলের খরা কাটিয়েছেন তিনি। সঙ্গে দলের হৃৎপিন্ড অ্যালেক্সিসও রয়েছেন ছন্দে। তাই হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে জামশেদপুরের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে মরিয়া মহমেডান স্পোর্টিং।



