Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

জয়ী ইংল্যান্ড, ইতালিকে হারাল ফ্রান্স

জয়ী ইংল্যান্ড, ইতালিকে হারাল ফ্রান্স
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
মিলান: উয়েফা নেশনস লিগে থামল ইতালির অপরাজেয় দৌড়। রবিবার ঘরের মাঠে ফ্রান্সের কাছে ১-৩ ব্যবধানে হারের মুখ দেখল লুসিয়ানো স্পালেত্তির ছেলেরা। পক্ষান্তরে, অ্যাওয়ে ম্যাচে দুরন্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউটের টিকিট নিশ্চিত করল দিদিয়ের দেশঁ-ব্রিগেড। ম্যাচে জোড়া লক্ষ্যভেদে নায়ক আদ্রিয়ান র‌্যাবিয়ট। অপর গোলটি আত্মঘাতী। ইতালির একমাত্র গোলটি আন্দ্রে কাম্বিয়াসোর। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শেষ করল ফ্রান্স। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে হেড টু হেডের নিরিখে গ্রুপ রানার্স হয়েই পরের রাউন্ডে পৌঁছল ইতালি।
Advertisement
এদিকে, ঘরের মাঠে আয়ারল্যান্ডকে পাঁচ গোলের মালা পরাল ইংল্যান্ড। সেই সঙ্গে আগামী বছর নেশনস লিগের লিগ-এ’তে যোগ্যতা অর্জন করল তারা। ম্যাচে থ্রি লায়ন্সের হয়ে জাল কাঁপান যথাক্রমে হ্যারি কেন, অ্যান্টনি গর্ডন, কনর গ্যালেঘার, জেরোড বোয়েন ও টেলর হারউড-বেলিস। দিনের অপর ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে চমক দিল ইজরায়েল। ঘরের মাঠে ম্যাচের শেষলগ্নে দলের হয়ে জয়সূচক গোলটি ইয়ার্দেন সুয়ার। উল্লেখ্য, ছ’টির মধ্যে মাত্র একটি ম্যাচ জিতে নেশনস লিগ অভিযান শেষ করল বেলজিয়াম।
ইতালি- ১                       :                              ফ্রান্স- ৩
ইজরায়েল- ১                  :                      বেলজিয়াম- ০
ইংল্যান্ড- ৫                       :                      আয়ারল্যান্ড- ০
সম্পর্কিত সংবাদ