নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাইজেরিয়ান ফুটবলার এফিয়ংয়ের ভিসা সমস্যা। তাঁকে নিয়ে প্রবল সমস্যায় লাল-হলুদ কর্তারা। আপফ্রন্টে অবিলম্বে বিদেশি স্ট্রাইকার প্রয়োজন। কঠিন পরিস্থিতিতে নয়া বিদেশি রিক্রুটের ক্ষেত্রে কোমর বেঁধে নেমেছে থিঙ্কট্যাঙ্ক। আইভরি কোস্টের ফুটবলার একে লোবাকে সই করিয়ে নিল টিম-ম্যানেজমেন্ট। উইথড্রন স্ট্রাইকারের ভূমিকাতেও সাবলীল তিনি। মেক্সিকো, লিবিয়া সহ একাধিক দেশের শীর্ষ টিয়ারে দাপিয়ে খেলেছেন ২৮ বছরের লোবা। দ্রোগবার দেশের ফুটবলারকে দ্রুত শহরে আনতে মরিয়া ইস্ট বেঙ্গল। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের গ্রুপ পর্বে ইস্ট বেঙ্গলের প্রথম প্রতিপক্ষ জর্ডনের আল হুসেইনি। ১৬ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচের আগেই দল গুছিয়ে নিতে চান কোচ হাবাস।
এফিয়ং নিয়ে ধোঁয়াশার মাঝেই আরও এক বিদেশি ফুটবলারের সঙ্গেও কথা চালাচ্ছে টিম ম্যানেজমেন্টে।
এদিকে, ডুরান্ড কাপের পর ফুটবলারদের ছুটি দিয়েছিলেন লাল-হলুদ কোচ। মঙ্গলবার ফের অনুশীলন শুরু করল হাবাস ব্রিগেড। ২৪ ঘণ্টা আগেই শহরে এসেছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দিয়েগো জিভুলিচ। এদিন দলের সঙ্গে প্রস্তুতি শুরু করলেন তিনি। টাফ ডিফেন্ডার হিসাবে খ্যাতি রয়েছে ৩৪ বছরের এই ফুটবলারের। নিয়মিত ম্যাচের মধ্যেই রয়েছেন। জিভুলিচ ক্লিক করলে হাবাসের চিন্তা কিছুটা কমবে। এর আগে স্প্যানিশ ডিফেন্ডার মনসালভে নাচোকে রিক্রুট করেছিল মশাল বাহিনী। কিন্তু রহস্যজনক চোটে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচের পরেই মাঠের বাইরে তিনি। নাচোকে নিয়ে বেজায় অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। বিকল্প না থাকায় ডুরান্ড কাপে অল ইন্ডিয়ান ডিফেন্স খেলাতে বাধ্য হয়েছিলেন আনোয়ারদের স্প্যানিশ কোচ। কিন্তু শুধুমাত্র ভারতীয় রক্ষণভাগ নিয়ে দীর্ঘ মরশুম পার করা মুশকিল। সেক্ষেত্রে জিভুলিচের উপর অনেক কিছু নির্ভর করবে। এদিন অনুশীলনে গোড়ালিতে চোট পান জেসিন টিকে। বিমান সমস্যায় রামিরেজ ও নাচোও অনুপস্থিত। পাশাপাশি দানিশ ফারুখকে নিয়ে অস্বস্তিতে কর্তৃপক্ষ। চোট, অসুস্থতায় গোটা মরশুমেই তাঁকে পাওয়া অনিশ্চিত।
এদিকে, বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ঘরোয়া লিগে ইস্ট বেঙ্গলের সামনে ইউনাইটেড কলকাতা। ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছেছে লাল-হলুদ ব্রিগেড। নিয়মরক্ষার লড়াইয়ে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে নিতে পারেন কোচ অর্চিষ্মান বিশ্বাস। বড়ো ম্যাচে বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলানোর ভাবনায় মোহন বাগান। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলও কি একই রাস্তায় হাঁটবে? কোচ আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত।
নৈহাটিতে ম্যাচ শুরু দুপুর তিনটেয়। সম্প্রচার স্পোর্টস টেন অ্যাপে।