Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জীবনে কিছু ভুল পরামর্শ নিয়েছি, সেটা উচিত হয়নি

চিত্রাঙ্গদার সঙ্গে নতুন বছরের আড্ডা শুরু হয় তাঁর গত বছরের সাফল্যের রেশ টেনে। ২০২৫ সালে সবচেয়ে বেশি ভিন্নধর্মী কাজের সুযোগ পেয়েছেন বলে মনে করেন তিনি।

জীবনে কিছু ভুল পরামর্শ নিয়েছি, সেটা উচিত হয়নি
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

দেবারতি ভট্টাচার্য • মুম্বই: চিত্রাঙ্গদার সঙ্গে নতুন বছরের আড্ডা শুরু হয় তাঁর গত বছরের সাফল্যের রেশ টেনে। ২০২৫ সালে সবচেয়ে বেশি ভিন্নধর্মী কাজের সুযোগ পেয়েছেন বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘২০২৫ সালে আমি নানা ধরনের নির্মাতার সঙ্গে কাজ করেছি। বিভিন্ন ঘরানা, বিভিন্ন মাধ্যম, সিনেমা থেকে ওটিটি— সব ধরনের কাজ আমি করেছি। একবছরের মধ্যে এত বৈচিত্র্যময় কাজ সম্ভবত আগে কখনও করিনি। একজন অভিনেতার কাছে এমন অভিজ্ঞতা সত্যিই তৃপ্তিদায়ক।’ কৃতজ্ঞতার সুরে চিত্রাঙ্গদা বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি। একজন অভিনেতা হিসেবে এত ভিন্নধর্মী নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই খুবই আনন্দের।’

Advertisement

সাফল্য এবং ব্যর্থতা

সাফল্যকে শুধুমাত্র বক্স অফিসের অঙ্কের মধ্যে বেঁধে রাখতে নারাজ চিত্রাঙ্গদা। তাঁর কাছে সাফল্যের সংজ্ঞা অনেকটা গভীর। ‘দর্শকের গ্রহণযোগ্যতাই আমার কাছে প্রকৃত সাফল্য। মানুষ যখন আমার কাজ পছন্দ করেন, আমি তার মধ্যেই আমার সাফল্য খুঁজে পাই। ‘হাউসফুল ৫’ একদিক থেকে ভাবলে হালকা ছবি, অন্যদিকে ‘খাকি’-তে আমি একজন বাঙালি রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছি। এই দুই সম্পূর্ণ ভিন্ন ধারার চরিত্র যদি দর্শক গ্রহণ করেন, সেটাই আমার কাছে সবচেয়ে বড় সাফল্য’, বললেন অভিনেত্রী। আর ব্যর্থতা? চিত্রাঙ্গদার উত্তর, ‘যখন আলাদা কিছু করতে চাইলেও একই ধরনের চরিত্রে আটকে যাই, তখন নিজেকে ব্যর্থ মনে হয়।’

নিজের জীবন নিজের সিদ্ধান্ত

অভিনয় কেরিয়ারের শুরুর বেশ কয়েকটা বছর কোন ধরনের কাজ করতে চান, তা নিয়ে ভাবনার স্বচ্ছতা ছিল না বলে জানালেন চিত্রাঙ্গদা। কিন্তু সময় বদলেছে। তিনিও পরিণত হয়েছেন। ‘কী করতে চাই, আর কোন চরিত্র করতে চাই না, একজন অভিনেত্রী হিসেবে এখন এবিষয়ে আমি অনেক বেশি নিশ্চিত। এমনকী প্রযোজক হিসেবেও সিনেমার ব্যবসাটা আমার কাছে এখন অনেকটা স্বচ্ছ। এখন আমার সিদ্ধান্ত আমারই। অবশ্যই অন্যদের পরামর্শ নিই, কিন্তু সিদ্ধান্তটা আমার। আগে মনে হত অন্যরা আমার থেকে ভালো জানে। তখন কিছু ভুল পরামর্শও নিয়েছি। সেটা ঠিক হয়নি’, স্পষ্ট বললেন নায়িকা।

কলকাতা এক অন্য ভারত

অভিনয়ের সূত্রে বহুবার কলকাতায় এসেছেন চিত্রাঙ্গদা। আর প্রতিবারই কলকাতা তাঁকে মুগ্ধ করে বলে জানান অভিনেত্রী। কলকাতার প্রসঙ্গ উঠতে উচ্ছ্বাস ধরা পড়ল চিত্রাঙ্গদার কথায়। তিনি বললেন, ‘কাজের সূত্রে আমি কলকাতাতে এসেছি। দারুণ শহর। এই শহরের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। আমার মনে হয়, ভারতের মধ্যেই কলকাতা যেন এক অন্য ভারত।’

 

Advertisement
সম্পর্কিত সংবাদ