কিয়েভ: দীর্ঘদিনের পারস্পরিক দ্বন্দ্বের অবসান! ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তি কাছে এনে দিল দীর্ঘদিনের দুই ‘শক্রু’ আমেরিকা ও রাশিয়াকে। এই দিনটি উপলক্ষ্যে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় রাশিয়ার নিন্দা প্রস্তাব এনেছিল জেলেনস্কির দেশ। তাতে সমর্থন করে ইউরোপ। তবে আশ্চর্যজনকভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়ে সেই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিল আমেরিকা। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরই ট্রাম্পের এই পদক্ষেপ কার্যত আমেরিকার দীর্ঘদিনের বিদেশনীতির আমূল পরিবর্তন হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল। বিশ্বের বড় দুই শক্তিধর দেশের রেষারেষি এতদিন মানুষ দেখে এসেছে। দ্বিতীয় ট্রাম্প জমানায় আমেরিকার এই ভোলবদল নিয়ে শঙ্কিত গোটা ইউরোপ। তবে আমেরিকা রাশিয়ার পাশে দাঁড়ালেও শেষ পর্যন্ত ইউক্রেনের আনা প্রস্তাবই গৃহীত হয়েছে। বলা হয়েছে, রাশিয়াকে অবিলম্বে সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া আমেরিকা আর একটি প্রস্তাবে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছিল। তবে রাশিয়ার আগ্রাসন নিয়ে কোনও উল্লেখ ছিল না। সেই প্রস্তাবটি বাতিল হয়েছে।
Advertisement
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। পুরোদমে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে প্রতিবেশী দেশ রাশিয়া। তারপর কেটে গিয়েছে তিন বছর। সোমবার ছিল সংঘর্ষের তৃতীয় বর্ষপূর্তি। এই দিনটিতে ইউক্রেনের পাশে থাকার বার্তা দিল ইউরোপের দেশগুলি। এদিন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেন, ‘অস্তিত্বের এই লড়াইয়ে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের নিয়তি জড়িয়ে রয়েছে।’



