Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইউজেস ফি নেওয়ার প্রতিবাদে  পুরসভায় ডেপুটেশন বামেদের

ইউজেস ফি নেওয়ার প্রতিবাদে  পুরসভায় ডেপুটেশন বামেদের
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: সম্প্রতি বাসিন্দাদের থেকে মাসে ৩০ টাকা করে ইউজেস ফি বা ব্যবহারিক খরচ নেওয়া শুরু করেছে উলুবেড়িয়া পুরসভা। এর প্রতিবাদে শুক্রবার উলুবেড়িয়া পুরসভায় ডেপুটেশন দিল বামেরা। তাঁদের দাবি, সাধারণ পুর করের বাইরে অতিরিক্ত ফি না নেওয়া, আবাস যোজনায় অসমাপ্ত ঘরের কাজ অবিলম্বে শেষ করা, ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে উন্নয়ন করের নাম করে অতিরিক্ত ফি না নেওয়া সহ মোট ১৬ দফা দাবি পেশ করেন বাম নেতৃত্ব। এদিন বিকেলে উলুবেড়িয়ার গোরুহাটা থেকে প্রতিবাদ মিছিল করে পুরসভায় আসেন বাম নেতৃত্ব। এদিন বাম নেতৃত্ব অভিযোগ করেন, পুর এলাকায় পুকুর বুজিয়ে বহুতল নির্মাণ হচ্ছে, এমনকী মেদিনীপুর ক্যানালের উপরও বেআইনি নির্মাণ হচ্ছে। অবিলম্বে এই নির্মাণ বন্ধের দাবি জানান তাঁরা। 
Advertisement
ডেপুটেশন প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার ইউজেস ফি নেওয়ার নির্দেশ দিলেও উলুবেড়িয়া পুরসভা তা এতদিন কার্যকর করেনি। এবার তা লাগু করেছে। তবে বামেদের দাবিকে মান্যতা দিয়ে আমরা সরকারকে বিষয়টি জানাব। অভয়বাবু বলেন, পুর এলাকায় বামেদের আমলে বেশ কয়েকটি বহুতল নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। আমরা সেইসব বহুতলের অনুমতি বাতিলের জন্য বাম নেতৃত্বকে পুরসভায় সুপারিশ করতে বলেছি। এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএমের হাওড়া জেলা কমিটির সম্পাদক দিলীপ ঘোষ সহ নেতৃবৃন্দ।
Advertisement
সম্পর্কিত সংবাদ