নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গবেষক এবং শিক্ষকদের গবেষণাপত্র বাছাই ও প্রকাশের জন্য ‘কেয়ার’ প্রকল্পটি বাতিল করল ইউজিসি। কনসর্টিয়াম ফর রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক এথিক্স বা কেয়ার নামে এই প্রকল্পটি বাতিলের সুপারিশ করা হয়েছিল গত বছর বিশেষজ্ঞ কমিটির বৈঠকেই। ইউজিসির তরফে কেয়ার বাতিল করে গবেষণাপত্র বাছাইয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকেই। এর জন্য একটি এথিক্স এবং বিশেষজ্ঞ কমিটি গঠনের পাশাপাশি একাধিক নিয়মবলির খসড়া প্রকাশ করেছে ইউজিসি। সেগুলি নিয়ে ইমেলের মাধ্যমে মতামত চাওয়া শুরু হয়েছে শিক্ষা ও গবেষণা মহল থেকে। উচ্চমানের গবেষণাপত্র বাছাইয়ের জন্য ২০১৮ সালে ‘কেয়ার’ গঠন করেছিল ইউজিসি। তবে, এটি নিয়ে বিস্তর সমস্যা এবং অভিযোগ ছিল। কেয়ার বাতিলের সিদ্ধান্তকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি স্বাগত জানালেও বাছাই প্রক্রিয়া চালানোর জন্য তারা আর্থিক অনুদানের দাবি জানাচ্ছে ইউজিসির কাছে।



