‘ইটস ডান ব্রো’, দ্বিতীয়বার বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, শেয়ার করলেন ছবি
  • ৩১ অক্টোবর, ২০২৬ ১৮:১৭
Prefer us on Google

শ্রীনগর, ৩১ অক্টোবর: ফের নয়া ইনিংস শুরু। সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেই খবরই জানান দু’জনে। নবদম্পতি বেশ কয়েকটি  ছবিও পোস্ট করেছেন। ওমর সেই ছবি পোস্ট করে লেখেন, ‘গতকাল (শুক্রবার) থেকে শুরু হল আমাদের নতুন পথচলা।’ সেই পোস্টেই আবার তিনি ট্যাগ করেন নিধিকেও। অন্যদিক নববধূ ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইটস ডান ব্রো।’

Advertisement

পিটিআই সূত্রে খবর, দিল্লি এবং শ্রীনগরে উভয় পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতেই তাঁদের বিয়ের এই অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন আব্দুল্লার বাবা-মা ফারুক আব্দুল্লা ও মলি-সহ তাঁর তিন বোন। অন্যদিকে অনুষ্ঠানে নিধির পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন তাঁর বাবা তথা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান ও মা সরলা রাজদান।

 ৫৬ বছর বয়সী আবদুল্লা এবং ৪৯ বছর বয়সী রাজদান, উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। ওমর এবং তাঁর প্রাক্তন স্ত্রী পায়েলের বিয়ে হয় ১৯৯৪ সালে। জহির ও জমির আবদুল্লাহ নামে তাঁদের  দুই পুত্র সন্তানও রয়েছে। তবে ২০১১ সাল থেকে ওমর ও পায়েল আলাদাই থাকতেন। অন্যদিকে নিধির সঙ্গে সাংবাদিক ও গীতিকার নীলেশ মিশ্রের ২০০৫ সালে বিয়ে এবং ২০০৭ সালে ডিভোর্স হয়ে যায়। তবে শনিবার তাঁদের বিয়ের খবর সামনে আসতেই শুভেচ্ছা বার্তার ঝড় উঠেছে। সকলে অভিনন্দন জানাচ্ছে নবদম্পতিকে।