Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

ইতিহাস গড়লেন মাস্ক! ব্যক্তিগত ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হলেন টেসলা কর্তা

ইতিহাস গড়লেন মাস্ক! ব্যক্তিগত ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হলেন টেসলা কর্তা
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিউইয়র্ক, ১২ ডিসেম্বর: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হয়ে টানা প্রচার করেছিলেন ধনকুবের এলন মাস্ক। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। কিন্তু তার আগেই ইতিহাস গড়ে ফেলেছেন মাস্ক। বিশ্বের প্রথম কোনও ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হয়েছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকেই সম্পত্তি ক্রমশ বাড়তেই থাকছিল মাস্কের। এবার সেই অঙ্কটা অনেকটাই ছাপিয়ে গিয়েছে বিশ্বের বাকি ধনকুবেরদের তুলনায়। বর্তমানে টেসলা কর্তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৭ বিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩৭ লক্ষ কোটি টাকার কাছাকাছি।  বিগত কয়েকদিন ধরেই মাস্কের স্পেসএক্সের শেয়ারের দাম হু হু করে বেড়েছে। গতকাল, বুধবার টেসলার শেয়ারের দামও সর্বোচ্চস্তরে পৌঁছে যায়। যার ফলে একলাফে অনেকটাই সম্পত্তি বেড়ে গিয়েছে মাস্কের। এমনিতেই বিশ্বের ধনকুবেরদের তালিকায় শীর্ষে রয়েছেন টেসলাকর্তা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণও। বিশ্বের ধনকুবেরদের তালিকায় মাস্কের পরেই রয়েছেন জেফ বেজোস। যদিও তাঁর সম্পত্তির পরিমাণ মাস্কের তুলনায় অনেকটাই কম। বেজোসের বর্তমানে সম্পত্তির পরিমাণ ২৪৯ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২৪ বিলিয়ন ডলার। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ল্যারি এলিসন ও পঞ্চম স্থানে রয়েছেন বার্নার্ড অরনোল্ট। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৯৮ বিলিয়ন ডলার ও ১৮১ বিলিয়ন ডলার।
Advertisement
সম্পর্কিত সংবাদ