Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহার হাসপাতালে বসে ইংরেজি পরীক্ষা ২ ছাত্রীর

ইটাহার হাসপাতালে বসে ইংরেজি পরীক্ষা ২ ছাত্রীর
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে দুই মাধ্যমিক পরীক্ষার্থী। শেষমেশ হাসপাতালের বেডে বসে অক্সিজেন নিতে নিতেই পরীক্ষা সম্পন্ন করল তারা। এক জনের নাম পুতুল বর্মন। সে ধামধোল গ্রামের বাসিন্দা। পুতুল শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এইবছর তার সিট পড়েছিল ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ে। অন্যজনের নাম সুদেবী সরকার। বাড়ি গুলন্দর গ্রামে। সুদেবী গুলন্দর বিন্দু বাসিনী হাইস্কুলের ছাত্রী। এই বছর তার পরীক্ষার সিট পড়েছিল চূড়ামন প্রহ্লাদ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে। 
Advertisement
পুতুল পরীক্ষা শুরুর প্রায় দেড়ঘণ্টা পর অসুস্থ বোধ করে। এরপর হলেই জ্ঞ্যান হারিয়ে ফেলে। পরীক্ষাকেন্দ্রের শিক্ষিকারা তাকে দ্রুত ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ছাত্রীর প্রাথমিক চিকিৎসা হয়। অক্সিজেন দেওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর পুতুল খানিকটা সুস্থ হলে প্রশাসনিক নিয়ম মেনে হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তায় তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই বিষয়ে ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সাহনাজ পারভিন জানান, এক পরিক্ষার্থী অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করি। ব্লক প্রশাসনকে বিষটি জানালে প্রশাসন হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করেন।
অন্যদিকে, চূড়ামন স্কুলে পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা পর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে সুদেবী সরকার নামে এক ছাত্রী। এরপর স্কুল কর্তৃপক্ষ তাকে ইটাহার হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৩০ মিনিট বাদে খানিকটা সুস্থ হলে সুদেবীর পরীক্ষার ব্যবস্থা করা হয়। পর্যাপ্ত নিরাপত্তায় দু›জন অসুস্থ পরিক্ষার্থী হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেয়। এই বিষয়ে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ জানান, দু’জনের শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল। তাদের স্বাস্থ্যপরীক্ষা করে পর্যাপ্ত ওষুধ দেওয়া হয়। প্রশাসনের নির্দেশে পরে দু’জন পরীক্ষার্থী হাসপাতালে বাকি সময়ের পরীক্ষা দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ