নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের বাসের ধাক্কায় মৃত্যু। শনিবার সকালে সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক আইটি কর্মী তরুণীর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম রজনী মাহাত (৩০)। তিনি কলকাতার ট্যাংরা এলাকার বাসিন্দা। বাড়ি থেকে অফিস আসছিলেন। বাস থেকে নেমেও পড়েছিলেন। কিন্তু, রাস্তা পার হতে গিয়েই একটি বাসের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। ওই বাসের পিছনের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে গিয়েছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকাল ১০টা নাগাদ তিনি সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ে বাস থেকে নামেন। তারপর রাস্তা পার হচ্ছিলেন। পিছনে পরপর বেশ কয়েকটি বাস দাঁড়িয়ে ছিল। তার মধ্যে বারাসত-সাঁতরাগাছি রুটের একটি বাসে ধাক্কা খেয়ে তিনি চাকার তলায় পড়ে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, যাত্রী তোলার জন্য বাসগুলি পরপর দাঁড়িয়ে থাকে। সিগন্যাল অন হলেই বাসগুলি একে অপরকে টপকে এগিয়ে যেতে চায়। এদিনও তাই হয়েছিল। তার জেরেই তরুণীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় পুলিস তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাসটিকে আটক করা হয়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সল্টলেকে বাসের ধাক্কায় এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাগুইআটিতে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল অ্যাপ বাইক চালকের। ফের এক আইটি কর্মীর মৃত্যু হল।
পুলিস জানিয়েছে, সিগন্যাল বন্ধ থাকা অবস্থায় তরুণী বাস থেকে নামেন। তখনই আচমকা সিগন্যাল গ্রিন হয়ে যায়। তিনি না দাঁড়িয়ে ওই অবস্থায় রাস্তা ক্রস করতে যান। সেই সময় সব বাস এবং অন্যান্য গাড়িগুলি দ্রুত গতি এগিয়ে যেতে থাকে। তখনই একটি বাসে ধাক্কা খেয়ে পিছনের জায়গায় পিষ্ট হন।