নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাকপুরের পর এবার হাবড়া। রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা ঘিরে বিতর্ক। পুলিস ও প্রশাসন বাধা দিতে গেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে হাবড়ায়। পরে বিরাট পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে হাবড়া দেশবন্ধু পার্ক থেকে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রামনবমীর একটি মিছিল হয়। যশোর রোড ধরে ওই মিছিল জয়গাছি সুপারমার্কেট পর্যন্ত যাওয়ার কথা ছিল। হাবড়া ১ নম্বর রেলগেট পার হতেই দেখা যায়, বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের হাতে ইজরায়েলের পতাকা। কর্তব্যরত পুলিস তাঁকে ওই পতাকা সরিয়ে দিতে অনুরোধ করেন। কিন্তু তাতে কর্ণপাত করেননি। আর এনিয়েই পুলিসের সঙ্গে বচসায় জড়ান ‘রামভক্ত’ বিজেপি কর্মীরা। পুলিস একপ্রকার ভিন দেশের পতাকা কেড়ে নেন। আর তখনই শুরু হয় পুলিসের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি। বিজেপি কর্মীরা হাবড়া স্টেশন রোডের মুখে অবরোধ শুরু করে। ব্যস্ত সময় ওই অবরোধের জেরে দীর্ঘ যানজট শুরু দেখা যায়। রাস্তার দু’দিকে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাবড়া আইসি অনুপম চক্রবর্তী। সঙ্গে পৌঁছয় পুলিস ও র্যাফ।



