


দামাস্কাস: খবর পড়ছিলেন সঞ্চালিকা। হঠাৎই বিকট আওয়াজ। কেঁপে উঠল গোটা স্টুডিও। লাইভ শো ছেড়েই প্রাণ বাঁচাতে পড়িমড়ি দৌড় দিলেন সঞ্চালিকা। বুধবার সিরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলের বিল্ডিংয়ে আকাশ পথে হামলা চালায় ইজরায়েল। তারপরই আতঙ্কে স্টুডিও ছেড়ে পালান সঞ্চালিকা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্ডিংটি। সিরিয়ার দক্ষিণের সোয়েদা শহরে দ্রুজ নামের একটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন চালাচ্ছে সেদেশের সরকার। নামানো হয়েছে বাহিনী। গোটা শহরজুড়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে সিরিয়ার বাহিনী। পাল্টা প্রতিরোধের চেষ্টা করছে দ্রুজরাও। এমনই দাবি করে দ্রুজদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে ইজরায়েল। একের পর এক এয়ারস্ট্রাইক চালানো হচ্ছে দামাস্কাসে।
বুধবার সরকারি টিভি চ্যানেলের অফিসে হামলার ছবি প্রকাশ করেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ। তিনি বলেন, ‘দামাস্কাসকে সতর্ক করবার সময়
ফুরিয়েছে। এবার মারণ আঘাত আসবে।’ পাশাপাশি তিনি বলেছেন, সোয়েদাতে ইজরায়েলি সেনার অপারেশন
জারি থাকবে। ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) দ্রুজদের রক্ষা করবে। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও আমি প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে অঙ্গীকারবদ্ধ। আমরা সেই কথা রাখব।’ গত তিনদিন ধরেই সিরিয়ার বিভিন্ন প্রান্তে টানা হামলা চালাচ্ছে ইজরায়েল। বুধবার সকালেই সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রকের দপ্তরে হামলা চালিয়েছিল ইজরায়েল। বুধবার কাৎজ জানিয়েছেন, ‘যতক্ষণ না সিরিয়া সোয়েদা থেকে সেনা প্রত্যাহার করবে ততক্ষণ হামলা চলবে। এই বার্তা যদি সিরিয়া না বুঝতে পারে, আরও তীব্রতর হবে হামলা।’ মঙ্গলবার বিবৃতিতে দ্রুজদের রক্ষায় ইজরায়েলের পদক্ষেপের কথা জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুও।
সঞ্চালিকার পালানোর সেই মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম