নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর দিনাজপুরের ইসলামপুরে দেড় লক্ষেরও বেশি বই চুরির ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের মন্তব্য, এত বই অটো রিকশা করে নিয়ে যাওয়া সম্ভব না। কমপক্ষে দু’টি ট্রাক প্রয়োজন। এর পিছনে বৃহত্তর চক্রান্ত রয়েছে। সেকারণে এই চুরির ঘটনায় সিআইডিকে নতুন করে তদন্ত করতে হবে। তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। একইসঙ্গে জেলাশাসক ও শিক্ষাদপ্তরকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে বেঞ্চ। এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য ২,৭৬,২৭৫টি বই পাঠানো হয়েছিল। এরমধ্যে ১,৯৯,০৭৫টি বই চুরির অভিযোগ ওঠে। পরে ৪০,৮৪৫টি বই উদ্ধার হয়। সর্বশেষ হিসেব অনুযায়ী, ১,৫৮,২৩০টি বই খোয়া গিয়েছে। রাজ্য জানিয়েছে, সব পড়ুয়া বই পেয়েছে। গুদামের দুই চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে। এরপর প্রধান বিচারপতির মন্তব্য, ‘এরা হয়তো গুদাম খুলে প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এর পিছনে অন্য কেউ আছে। ১ লক্ষ ৫৮ হাজার বই অটো রিকশ করে নিয়ে যাওয়া সম্ভব নয়। কমপক্ষে দু’টি ট্রাক লাগবে।



