Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ স্পোর্টিং দিল্লি, উইং প্লে’তেই বাজিমাত করতে চান অস্কার

গাড়ি থেকে নামতেই লিগ চ্যাম্পিয়ন হওয়ার আবদার উড়ে এল ইউসেফ এজেজ্জারির উদ্দেশ্যে। ক্লাব অন্ত প্রাণ সমর্থকরা এমনই আবেগে ভরপুর।

আজ যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ স্পোর্টিং দিল্লি, উইং প্লে’তেই বাজিমাত করতে চান অস্কার
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: গাড়ি থেকে নামতেই লিগ চ্যাম্পিয়ন হওয়ার আবদার উড়ে এল ইউসেফ এজেজ্জারির উদ্দেশ্যে। ক্লাব অন্ত প্রাণ সমর্থকরা এমনই আবেগে ভরপুর। নর্থইস্ট ম্যাচে জোড়া গোল করে নায়ক তিনি। কিন্তু স্প্যানিশ স্ট্রাইকারকে হাতের নির্দেশে থামিয়ে সমর্থকদের শান্ত থাকার ইশারা কোচ অস্কার ব্রুজোঁর। ব্যাপার কী? উত্তর পাওয়া গেল সাংবাদিক সম্মেলনে। অস্কার সাফ জানিয়ে দিলেন, ‘এখনই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভাবছি না। প্রতি ম্যাচ নিয়ে আলাদা চিন্তা রয়েছে।’ ঠিক যেমন রয়েছে স্পোর্টিং দিল্লিকে নিয়ে। শনিবার বিকেলে ঘরের মাঠে তাদের বিরুদ্ধেই আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। শুক্রবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে তারই চূড়ান্ত মহড়া সেরে নিল লাল-হলুদ ব্রিগেড।

Advertisement

প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে মশালের আগুনে গনগনে আঁচ। ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজে তার প্রতিফলন স্পষ্ট। আর এটাই কাজে লাগাতে চান অস্কার। তাই অনুশীলন শুরু আগে বৃত্তাকারে ফুটবলারদের রেখে ছোটো বৈঠক সেরে নিলেন। প্রত্যেককে বুঝিয়ে দিলেন দায়িত্ব। এরপর পড়লেন দলের ষষ্ঠ বিদেশি অ্যান্টন সোয়বার্গকে নিয়ে। প্রায় মিনিট দশেক আলাদা করে কথা বলে নিলেন তাঁর সঙ্গে। ঘাম ঝরাতে দেখা গেল রাকিপকেও। মাথায় ব্যান্ডেজ নিয়েই দলের সঙ্গে অনুশীলন করলেন তিনি। ফলে দিল্লির বিরুদ্ধে দুই ফুটবলারের নাম টিমলিস্টে দেখা যেতে পারে। সেক্ষেত্রে পরিবর্ত হিসেবে হয়তো স্প্যানিশ কোচ ব্যবহার করবেন সোয়বার্গ ও রাকিপকে। তবে এদিন মাঠে এলেও অনুশীলন করেননি সাউল ক্রেসপো। শোনা যাচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। সাউল একান্তই খেলতে না পারলে কোচের পরিকল্পনায় রদবদল ঘটবে। 
ঘণ্টাখানেকের অনুশীলনে বেশিক্ষণই ম্যাচ সিচুয়েশনে গা ঘামালেন ইউসেফ-মিগুয়েলরা। নর্থইস্ট ম্যাচের দলে বিশেষ পরিবর্তনের ইঙ্গিত নেই। কারণ, এদিন রাইট উইংয়ে নন্দকুমার ছাড়াও এডমুন্ড ও পিভি বিষ্ণুকে পরখ করে নিলেন কোচ অস্কার। মূলত উইং থেকে আক্রমণ তুলে আনার মহড়া সারলেন বিপিন সিংরা। কেভিন সিবলের অনুপস্থিতিতে অল ইন্ডিয়া ডিফেন্সে ভরসা রাখতে হচ্ছে স্প্যানিশ কোচকে। নর্থইস্টের বিরুদ্ধে ক্লিনশিট বজায় রেখে অস্কারের আস্থা রেখেছেন জিকসন সিং, অনোয়ার আলিরা।
এদিকে, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারের ধাক্কা নিয়ে কলকাতায় এসেছে স্পোর্টিং দিল্লি। পোল্যান্ডের কোচ টমাস টচোর্জের সামনে তাই কঠিন লড়াই। আব্দুল হালিক, মাতিজারা এই প্রথম ভারতীয় ফুটবলে খেলছেন। তাই যুবভারতীর শব্দব্রহ্ম তাদের সামনে বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে জোসেফ সানি, আয়ুষ অধিকারীদের মতো হায়দরাবাদ এফসি’তে খেলা ফুটবলাররা ভরসা দিচ্ছেন কোচকে। 
 যুবভারতীতে ম্যাচ শুরু বিকেল ৫টায়।
সম্প্রচার সোনি স্পোর্টস ২ চ্যানেলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ