Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আইএসএলের ডার্বি ১৭ মে

ক্যালেন্ডারে ১৭ মে লাল কালি দিয়ে মার্ক করে রাখুন। ওদিনই আইএসএলের ডার্বি। প্রথমে বড় ম্যাচ হওয়ার কথা ছিল ৩ মে। কিন্তু পরদিন নির্বাচনের ফল ঘোষিত হবে।

আইএসএলের ডার্বি ১৭ মে
  • ৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যালেন্ডারে ১৭ মে লাল কালি দিয়ে মার্ক করে রাখুন। ওদিনই আইএসএলের ডার্বি। প্রথমে বড় ম্যাচ হওয়ার কথা ছিল ৩ মে। কিন্তু পরদিন নির্বাচনের ফল ঘোষিত হবে। ফলে নিরাপত্তার নিরিখে কোনোমতেই ডার্বির মত হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজন সম্ভব নয়। অতএব মোহন বাগান-ইস্ট বেঙ্গল মহারণ পিছিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না। ১৭ মে, রবিবার বহু প্রতীক্ষিত মহারণ শুরু সন্ধ্যায় ৭-৩০ মিনিটে। তবে তারও আগে দুই প্রধানের বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। অনেকেরই ধারণা, জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও বড় ম্যাচ অতীব গুরুত্বপূর্ণ হতে পারে। আগের সূচি অনুযায়ী, ১৭ মে ইন্টার কাশীর সামনাসামনি হওয়ার কথা ছিল লাল-হলুদ ব্রিগেডের। এই ম্যাচ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল। অর্থাৎ ২৪ মে ঘরের মাঠে আইএসএলে নিজেদের শেষ ম্যাচ খেলবেন সাউল-গিলরা।

Advertisement

আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় নির্বাচন। ফলে বেশ কয়েকটি ম্যাচের দিন পরিবর্তন করা হয়েছে। ২৮ এপ্রিল গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ওড়িশা এফসি। তবে সূত্রের খবর, গোয়া থেকে এখনও প্রয়োজনীয় অনুমতি মেলেনি। অন্যদিকে, ২৪ এপ্রিল যুবভারতীতে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে নামার কথা ছিল মিগুয়েলদের। পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতায় সেই ম্যাচ হবে ১১ মে। পাশাপাশি ৫ মে  ফুটবল এরিনায় মুম্বই খেলবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। ১২ মে কলকাতায় হাবাস ব্রিগেডের মুখোমুখি হবে মোহন বাগান। ২৪ মে লিগ শেষ। ওইদিন স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলতে পারে মোহন বাগান। তবে ফেডারেশন এই ব্যাপারে এখনও চূড়াম্ত কিছু জানায়নি। 
এদিকে, আইএসএলের ক্লাব জোটকে কড়া চিঠি পাঠাল ফেডারেশন। অভিযোগ, এখনও নিয়মমাফিক পার্টিসিপেশন ফি জমা দেয়নি একাধিক ফ্র্যাঞ্চাইজি। নিয়ম অনুযায়ী ৫ মার্চের মধ্যে ৩০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল ক্লাবগুলির। অন্যথায় বকেয়া না মেটানো পর্যন্ত দৈনিক ১ লক্ষ টাকা জরিমানার উল্লেখ রয়েছে চিঠিতে। সূত্রের খবর, মোহন বাগান ও কেরল ব্লাস্টার্স এখনও টাকা মেটায়নি। ৫ এপ্রিলের মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার জন্য কার্যত হুঁশিয়ারি দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ