Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ঈশানীর ইচ্ছেপূরণ

নিম্নমধ্যবিত্ত পরিবারের গল্প ‘ইচ্ছেপূরণ’। জীবনবিমা এজেন্ট অপূর্ব হঠাৎ খোঁজ পায় এক পাথরের। তারপরই বদলে যায় তার জীবন

ঈশানীর ইচ্ছেপূরণ
  • ২৫ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

মুক্তির অপেক্ষায় হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ইচ্ছেপূরণ’। প্ল্যাটফর্ম এইট-এ দেখা যাবে এই ওয়েব সিরিজ। মুখ্য চরিত্রে অভিনেত্রী ঈশানী সেনগুপ্ত।  কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন নায়িকা।

Advertisement

গল্পস্বল্প
নিম্নমধ্যবিত্ত পরিবারের গল্প ‘ইচ্ছেপূরণ’। জীবনবিমা এজেন্ট অপূর্ব হঠাৎ খোঁজ পায় এক পাথরের। তারপরই বদলে যায় তার জীবন। প্রচুর অর্থের লোভে দিকভ্রষ্ট হয় আপাত সাদামাঠা অপূর্ব। প্রতিকূল পরিস্থিতি দক্ষ হাতে সামলায় স্ত্রী অপর্ণা। এই চরিত্রেই অভিনয় করছেন ঈশানী। বাকি চরিত্রের তুলনায় কতখানি আলাদা অপর্ণা? ‘ভীষণ শান্তশিষ্ট। সবকিছু মানিয়েগুছিয়ে চলে। ঠিক যেন আমাদের বাড়ির মায়ের মতো।’ 
ইচ্ছেপূরণ  
ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী। তাঁর সঙ্গে কাজ করা ঈশানীর ইচ্ছেপূরণ, জানালেন নায়িকা নিজেই। তাঁর কথায়, ‘আমার মনে হয় ওঁর সঙ্গে যাঁরাই কাজ করেছেন, প্রত্যেকে এই কথা বলবেন। এতকিছু শেখার রয়েছে হরনাথ স্যারের থেকে। এত বছর টিকে থাকতে গেলে কঠোর পরিশ্রম, ডেডিকেশন, কাজের প্রতি ভালোবাসা লাগে। তা ওঁকে দেখে শেখা যায়।’ তাঁর সংযোজন, ‘আমরা আউটডোরে শ্যুটিং করেছি। প্রচণ্ড গরমের মধ্যে। তা সত্ত্বেও ওঁর এনার্জি কমার কোনো লক্ষণ নেই। পরিচালক যখন এতখানি পরিশ্রম করেন, তখন ফ্লোরের বাকিরাও আপনাআপনিই ভালো কাজ করতে উদ্বুদ্ধ হন।’ ছবিতে ঈশানীর বিপরীতে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য। তাঁর সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে ঈশানীর। ‘বড় দাদার মতো আগলে রাখে, খুবই কাছের মানুষ’, সহ অভিনেতা দেবরাজ প্রসঙ্গে বলছিলেন অভিনেত্রী।    
সাদা-কালো 
টেলিভিশনের পর্দায় সাধারণত ধূসর চরিত্রে দেখা যায় ঈশানীকে। কোন চরিত্র তাঁর বেশি পছন্দের? নায়িকার সাফ জবাব, ‘খলচরিত্রে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। আমি ভালো চরিত্রে কাজ করতে চাই। সেটা সাদা, কালো, ধূসর বা যে কোনো রঙের হতে পারে’, বলেই হাসলেন নায়িকা। চিত্রনাট্যে চরিত্রের গুরুত্বই ঈশানীর কাছে আসল। তাঁর কথায়, ‘একটা দৃশ্য হলেও চরিত্রের গুরুত্ব যেন থাকে। সেটাই চিত্রনাট্য পড়ার সময় দেখি।’ এই ছবিতে আদ্যন্ত পজিটিভ অপর্ণা। এর জন্য পরিচালকের কাছে কৃতজ্ঞ তিনি। বললেন, ‘আশা করি এই প্রজেক্টটা দেখলে আমাকেও মানুষ পজিটিভ চরিত্রে ভাবতে পারবেন। আমি জানি না কেন, আমাকে দেখলেই হয়তো লোকজন ভাবেন শয়তান। হয়তো আমাকে চোখের জন্যই। তবে হরনাথ স্যার আমাকে এমন একটি চরিত্রে কাস্ট করেছেন, তার জন্য ওঁর কাছে কৃতজ্ঞ।’ 
ট্রোলিংয়ের জবাবে 
বিনোদন দুনিয়ার তারকাদের হামেশাই ট্রোলের মুখে পড়তে হয়। এটাই যেন ‘নিউ নর্মাল’। যদিও তা নিয়ে খুব বেশি চিন্তা করতে নারাজ অভিনেত্রী। হাসতে হাসতে তিনি বললেন, ‘সেটা নিয়েও যদি আমি চিন্তা করি, তাহলে নিন্দুকেরা কী করবেন!’ 
ভবিষ্যতের ভাবনা   
আগামী দিনে প্রযোজনার পথে পা বাড়াচ্ছেন ঈশানী। ইতিমধ্যে প্রোডাকশন হাউজ তৈরি করেছেন তিনি। প্রযোজনা করেছেন বেশ কয়েকটি বিজ্ঞাপনী ছবিও। তাঁর কথায়, ‘আপাতত ছোটোপর্দা বা বড়োপর্দায় আমার অভিনয়ের কোনো প্রজেক্ট নেই। প্রোডাকশন হাউজের ব্যানারে আরও কয়েকটা প্রজেক্ট আনার পরিকল্পনা চলছে।’  
শান্তনু দত্ত 

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ