


চেন্নাই, ১৮ মে: হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কোটিপতি লিগের প্লে-অফে পৌঁছে গেল হায়দরাবাদ। সোমবার চিপকে ঋতুরাজ গায়কোয়াড় ব্রিগেডকে পাঁচ উইকেটে হার মানাল প্যাট কামিন্সের দল। ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করল তারা। হায়দরাবাদের এদিনের জয়ের নায়ক ইশান কিষান। মাত্র ৪৭ বলে ৭০ রান করলেন তিনি। ম্যাচের সেরাও এই বাঁ হাতি ব্যাটার।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি চেন্নাইয়ের। রীতিমতো ঝড় তোলেন ওপেনার সঞ্জু স্যামসন। করেন ২৭ রান। তবে অধিনায়ক ঋতুরাজ আউট হন মাত্র ১৫ রানে। তিন নম্বরে নামা উর্ভিল করেন ১৩ রান। চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেন ব্রেভিস (৪৪)। এছাড়া কার্তিক শর্মা (৩২) এবং শিবম দুবে (২৬) দায়িত্বশীল ইনিংস উপহার দেন। যার দৌলতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে চেন্নাই। অন্যদিকে, হায়দরাবাদের অধিনায়ক কামিন্স একাই তিনটি উইকেট নিয়েছেন।
টার্গেট তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল হায়দরাবাদ। মাত্র ৫৬ রানে দু’টি গুরুত্বপূর্ণ উইকেট হারায় তারা। হেড প্যাভিলিয়নে ফেরেন ৬ রানে। ২৬ রানে আউট হন অভিষেক শর্মা। এমন চাপের মুহূর্তে দলকে টানলেন ইশান। তাঁকে যোগ্য সংগত করেন ক্লাসেন (৪৭)। যার ওভারে ১৯ ওভারেই জয় নিশ্চিত করে হায়দরাবাদ।