নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর ইস্যুতে রাজনৈতিক মিছিল, বিক্ষোভের জেরে দিনের ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকল ধর্মতলা মোড়। যানবাহন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিস। পার্ক স্ট্রিট থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। এর জেরে তীব্র যানজটে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।
বুধবার দুপুরে এসআইআর ইস্যুর বিরোধিতা করে বিধায়ক নৌশাদ সিদ্দিকি মিছিল করেন। তার জন্য লালবাজারের অনুমতি চাওয়া হয়। কিন্তু সেই রাজনৈতিক মিছিলের কোনও অনুমতি দেয়নি পুলিস। তা সত্ত্বেও নিয়মবিরুদ্ধভাবে ধর্মতলায় মোড়ে এসে বিক্ষোভ দেখাতে থাকে শ’খানেক আইএসএফ কর্মী সমর্থক। সঙ্গে ছিলেন বিধায়ক নৌশাদও। পুলিসের তরফে রাস্তা অবরোধ ও বিক্ষোভ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু, তাতে কর্ণপাত করেননি বিধায়ক। বরং পুলিসি বাধা পেয়ে ডোরিনা ক্রসিংয়েই বসে পড়েন আইএসএফ বিধায়ক। এরপরেই পুলিসের তরফে বিক্ষোভকারীদের আটক করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নৌশাদের অভিযোগ, সেই ভিড়ের মধ্যেই সাদা পোশাকের এক পুলিস কর্মী তাঁর বুকে ঘুষি মারেন। তাতেই জখম হন এবং অসুস্থ বোধ করেন তিনি। ঘটনাস্থল থেকেই আইএসএফ বিধায়ককে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যায় পুলিস। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা। এছাড়া আরও ৯৪ জন আইএসএফ কর্মী, সমর্থককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিস। লালবাজার জানিয়েছে, এদিনের মিছিল, বিক্ষোভের জেরে প্রায় ঘণ্টাখানেক ডোরিনা ক্রসিং বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল শুরু হয়।