Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ৯.২০ কিমি খাল সংস্কার সেচদপ্তরের

মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ৯.২০ কিমি খাল সংস্কার সেচদপ্তরের
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও মালদহ এবং সংবাদদাতা, বালুরঘাট: বৃষ্টি নেই। ভারী বর্ষার সতর্কতাও নেই। তবু চোখ রাঙাচ্ছে তিস্তা! বৃহস্পতিবারও মেখলিগঞ্জে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জারি ছিল হলুদ সঙ্কেত। অন্যদিকে, ‘ওয়াটার লগিং’ রুখতে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে খাল সংস্কার করছে সেচদপ্তর। সংশ্লিষ্ট দুই জেলায় প্রায় ৯.২০ কিমি খাল সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার। বিকেলে আকাশে মেঘ জমলেও বৃষ্টি হয়নি। অন্যান্য জেলাগুলির অবস্থাও ছিল একই। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির তীব্রতা ও ব্যাপ্তি অনেকটাই কমেছে। দিনের তাপমাত্রাও বাড়ছে। আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই। এমন আবহাওয়ায় আপাতত স্বস্তিতে রয়েছে উত্তরবঙ্গ। তবু তিস্তা নদীর দাপট অব্যাহত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিম্পংয়ের লিকুভীর, মেলি, কিমি ও আন্ধেরীতে ১০ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার থাবায়। সেজন্য এদিনও সংশ্লিষ্ট সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। শুধু মাত্র ছোট গাড়ি চলাচল করেছে। এদিকে, মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তিস্তা নদীর জল কিছুটা বেড়েছে। এজন্য সেখানে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কের জারি করেছে সেচদপ্তর। নদীর চর সংলগ্ন এলাকার গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। সেচদপ্তরের ইঞ্জিনিয়াররা বলেন, পাহাড় ও সমতলে বৃষ্টির দাপট কমার পাশাপাশি উত্তরবঙ্গের অধিকাংশ নদীর জলস্তর নামতে শুরু করেছে। কেবলমাত্র মেখলিগঞ্জে তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত রয়েছে। এমন আবহাওয়া চললে দু’দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলেই আশা করছি। তবে নদীর জল নামার সঙ্গে সঙ্গে কিছু জায়গায় ভাঙন দেখা দিতে পারে। এ ব্যাপারে সেচদপ্তরের ইঞ্জিনিয়াররা সতর্ক রয়েছেন। এদিকে, বৃষ্টির জল জমা রুখতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে চারটি খাঁড়ি সংস্কার করা হচ্ছে। সেগুলির মধ্যে আত্রেয়ী ও ডাঙা খাঁড়ি গুরুত্বপূর্ণ। সেচদপ্তর সূত্রের খবর, শহরে প্রায় ৪ কিমি খাঁড়ি সংস্কার করা হচ্ছে। এরবাইরে খিদিরপুর ও ডাকরা খাঁড়ির ৮০০ মিটার করে অংশ ও রামকৃষ্ণপল্লির খাঁড়ি ৬০০ মিটার অংশ সংস্কার করা হচ্ছে। সমগ্র প্রকল্পের জন্য প্রায় ১৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এদিকে, মালদহ জেলার কালিয়াচক-১ ব্লকের নিকাশি নালা চাঙ্গা করতে  পাঁচ কিমি লম্বা  টুটিয়া খাল সংস্কার করা হচ্ছে। এক্ষেত্রে খরচ হবে প্রায় তিন কোটি টাকা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ