নয়াদিল্লি: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কৃষকদের জন্য প্রতি বছর ৬ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প। ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে এই নিয়ে প্রচারও কম হয়নি। কিন্তু সেই পিএম-কিষান প্রকল্প নিয়ে এবার বিরাট অনিয়ম সামনে এল। নিয়ম অনুযায়ী, চাষের নিজস্ব জমি রয়েছে এমন কৃষক পরিবারের স্বামী, স্ত্রী বা কমবয়সি সন্তানের যে কোনও একজন এই প্রকল্পের টাকা পাবে। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সারা দেশে ৩১ লক্ষের বেশি এমন পরিবার রয়েছে, যেখানে স্বামী ও স্ত্রী দু’জনেই প্রকল্পের টাকা পেয়েছেন। সম্প্রতি অনিয়মের অভিযোগ পেয়ে কৃষিমন্ত্রকের তরফে উপভোক্তাদের তালিকা খুঁটিয়ে পরীক্ষা করা হয়। তাতেই প্রকাশ্যে এসেছে দুর্নীতির বিষয়টি। ৩১ লক্ষ ১ হাজার পরিবারের মধ্যে ১৯ লক্ষ ২ হাজার পরিবারের তথ্য নতুন করে যাচাই করে দেখা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে, ১৭ লক্ষ ৮৭ হাজার পরিবারেই স্বামী ও স্ত্রী একইসঙ্গে পিএম-কিষান প্রকল্পের টাকা পেয়েছেন। পরিস্থিতি সামলাতে যাচাই প্রক্রিয়া ১৫ অক্টোবরের মধ্যে শেষ করতে রাজ্যগুলিকে তড়িঘড়ি চিঠি পাঠিয়েছে কেন্দ্র।



