নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আর মাসখানেক পরেই বর্ষার আগমন হবে রাজ্যে। তখন ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো নানা মশাবাহিত রোগ মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর জোর দিচ্ছে সরকার। সেজন্য রাজ্যের পুর এলাকাগুলির কোথায় আবর্জনা পড়ে থাকছে, বা দীর্ঘদিন পরিষ্কার করা হচ্ছে না, সেই জায়গাগুলিকে চিহ্নিত করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এমন ৩৮৩টি স্থান পাওয়া গিয়েছে। সেগুলিকে বলা হচ্ছে ‘গার্বেজ ভালনারেবল পয়েন্টস’। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই প্রত্যেকটি জায়গাই কোনও না কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে অবস্থিত। যেহেতু সেখানে অনেক শিশু ও গর্ভবতী মহিলারা যান, তাই তাঁদের মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে।



