Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইংরেজি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় জখম দুই

ইংরেজি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় জখম দুই
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, হবিবপুর: মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম হল দুই পরীক্ষার্থী। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে বামনগোলা ব্লকের মালদহ-নালাগোলা রাজ্য সড়কের মাহাত মোড়ে। জখম দুই পরীক্ষার্থীর নাম শুভ মাহাত ও দ্বীপ মাহাত। দ্রুত দুই পরীক্ষার্থীকে বামনগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে প্রাথমিক চিকিৎসা করে একজনকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম শুভকে মালদহ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে অভিভাবকের সঙ্গে ওই দুই পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। উল্টো দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পড়ে দুই পরীক্ষার্থী।
এদিকে, মাধ্যমিকের দ্বিতীয় দিনে মালদহ জেলায় হাসপাতাল থেকে পরীক্ষা দিল চার পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার জেলা আহ্বায়ক বিপ্লব গুপ্ত বলেন, এদিন চার পরীক্ষার্থী অসুস্থতার কারণে হাসপাতাল থেকে পরীক্ষা দেয়। তাদের মধ্যে দু’জন প্রসূতি সোমবারও হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে। এদিন নতুন করে আরও দু’জন হাসপাতাল থেকে পরীক্ষা দেয়।
জানা গিয়েছে, সামসি এগ্রিল হাইস্কুলের ছাত্র রিজুয়ানুর রহমান প্রচণ্ড পেটের ব্যথায় ভুগছিল। বৈদ্যনাথপুর হাইস্কুলে তার পরীক্ষার সিট পড়েছে।  মঙ্গলবার তাকে সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই এদিন সে দ্বিতীয় পরীক্ষাটি দেয়। সন্তান প্রসবের কারণে এদিন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় উম্মি রুমন। হরিশ্চন্দ্রপুরের মশালদহ গণপত রায় হাইস্কুলের ছাত্রী সে। বারোদুয়ারি হাইস্কুলে তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়লেও এদিন সে হাসপাতাল থেকে পরীক্ষা দেয়। 
এছাড়াও ইংলিশবাজারের যদুপুর অঞ্চল হাইস্কুলের ছাত্রী প্রসূতি ছাত্রী রিমা খাতুন নার্সিংহোম থেকে পরীক্ষা দিচ্ছে। রিমার সিট পড়েছে মালদহ কন্যা শিক্ষালয় হাইস্কুলে। একই কারণে রাফিফা পারভীন নামে মহেন্দ্রপুর হাইস্কুলের আরেক প্রসূতিও প্রথম দিন থেকে  চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তার সিট পড়েছে হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ