মুম্বই: শুরুটা ভালো হয়নি। তবে চলতি আইপিএলে সঠিক সময়ে ছন্দ খুঁজে পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ চার ম্যাচে টানা জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে পাঁচবারের খেতাবজয়ী শিবিরের। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে রয়েছে তারা। রবিবার ওয়াংখেড়েতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মারা। অ্যাওয়ে ম্যাচে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ঋষভ পন্থদের জন্য। মুম্বইয়ের সমান পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে ষষ্ঠস্থানে লখনউ। তবে শেষ ম্যাচে দিল্লির কাছে হেরে ছন্দপতন ঘটেছে তাদের। জয়ের সরণিতে ফিরতে মরিয়া পন্থরাও।
মুম্বই ইন্ডিয়ান্স দলের ভারসাম্য দারুণ। রোহিত শর্মা ছন্দে ফেরায় আরও মজবুত হয়েছে ব্যাটিং। ওপেনিংয়ে হিটম্যান ঝড় তুললে প্রতিপক্ষ বোলারদের ভাগ্যে দুঃখ রয়েছে। শেষ দুই ম্যাচে রোহিতের সংগ্রহ যথাক্রমে ৭৬ ও ৭০ রান। তাঁকে যোগ্য সঙ্গত করছেন রায়ান রিকেলটন। এছাড়া সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, উইল জ্যাকসরা রানের মধ্যে আছেন। যশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহারদের উপস্থিতিতে মুম্বইয়ের পেস বোলিংও বেশ শাক্তিশালী। স্পিন বিভাগে নজর কেড়েছেন তরুণ স্পিনার ভিগনেশ পুথুর।
পক্ষান্তরে, মেগা নিলামে এবার ঢেলে দল সাজিয়েছে লখনউ। নতুন অধিনায়ক পন্থের নেতৃত্বে ছন্দে রয়েছে সুপার জায়ান্টস। ব্যাটিংয়ে তাদের প্রধান অস্ত্র নিকোলাস পুরান। এখনও পর্যন্ত এই ক্যারিবিয়ান তারকার ব্যাট থেকে এসেছে ৩৭৭ রান। তবে গত কয়েকটি ম্যাচে হঠাৎ ছন্দ হারিয়েছেন তিনি। সেটাই চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। ক্যাপ্টেন ঋষভ পন্থও যথারীতি ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। এখনও পর্যন্ত তাঁর ব্যটে থেকে এসেছে মাত্র ১০৬ রান। রবিবার পন্থের ছন্দে ফেরার দিকে তাকিয়ে থাকবে সুপার জায়ান্টসের সমর্থকরা। মিচেল মার্শ (৩৪৪) ও আইডেন মার্করাম (৩২৬) অবশ্য রানের মধ্যে আছেন। লখনউয়ের বোলিংয়ে তেমন বড় কোনও নাম নেই। তবে শার্দূল ঠাকুর, আভেশ খানরা নিয়মিত উইকেট পাচ্ছেন। শার্দূল মেগা নিলামে অবিক্রিত ছিলেন। পরে তাঁকে পরিবর্ত হিসেবে দলে নেয় লখনউ ম্যানেজমেন্ট। আর এখনও পর্যন্ত লখনউয়ের হয়ে সর্বাধিক ১২টি উইকেট নিয়েছেন তিনি। ডেথ ওভারে বেশ কার্যকরি আভেশ খানও। স্পিন বিভাগে বড় ভরসা রবি বিষ্ণোই। এখনও পর্যন্ত ৯ ম্যাচে তাঁর সংগ্রহ ৮টি উইকেট। তাঁকে যোগ্য সঙ্গত করছেন তরুণ তুর্কি দিগবেশ রাঠিও।