সুকান্ত বেরা, কলকাতা: পঁচিশের আইপিএলের উদ্বোধনী ম্যাচ ঘিরে শহরের উন্মাদনা যে কোন পর্যায়ে, তা ইডেন চত্বরে না ঘুরলে বোঝা যেত না। অতীতেও অনেক মহাম্যাচ দেখেছে তিলোত্তমা। আইপিএলের মঞ্চে সৌরভ গাঙ্গুলির পুনের সঙ্গে কেকেআরের লড়াই ঘিরে বঙ্গভঙ্গের সাক্ষী ছিলেন শহরবাসী। তবে সবাইকে পিছনে ফেলছে শনিবার ইডেনে কেকেআর বনাম আরসিবি’র দ্বৈরথ।
আলোচনার কেন্দ্রে শুধুই দু’জন— কিং আর বাদশা। সম্প্রচারকারী চ্যানেলের প্রোমোতেও ধরা পড়ছে সেটাই। আসলে নাইট শিবিরে তারকার বড়ই অভাব। গম্ভীর পরবর্তী যুগে ‘আমরা সবাই রাজা’। শাহরুখই দলের ‘নন প্লেয়িং ক্যাপ্টেন’। কোহলির সঙ্গে তাঁকে ঘিরেই আবেগের স্রোত প্রবাহিত হবে গ্যালারিতে। তার কিছুটা ইঙ্গিত মিলল শুক্রবার সন্ধ্যায়। বৃষ্টি মাথায় কোহলিরা যখন ইডেন থেকে বেরচ্ছিলেন, তখন ক্লাব হাউসের বাইরে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম। বোঝার উপায় নেই, এটা কেকেআরের হোমগ্রাউন্ড না আরসিবি’র! বাইশ গজে বিরাট দ্যূতি ছড়ালে পিছিয়ে থাকবেন না শাহরুখও। মঞ্চে দাঁড়িয়ে ট্রেডমার্ক স্টাইলে দু’হাত ছড়িয়ে বাদশা যদি বলেন, ‘ম্যায় হুঁ না...’ তাহলে তো আর কথাই নেই। আর সে জন্য শুক্রবার রাতেই শহরে পা রাখলেন বলিউড বাদশা।
নাইটদের পয়লা নম্বর ‘শত্রু’ কিন্তু বিরাটই। নেটে যেভাবে তিনি ছক্কা হাঁকাচ্ছিলেন, তা কেকেআরের পক্ষে অশনি সংকেত। ৪০০তম টি-২০ ম্যাচে মহানায়ককে দ্রুত ডাগ-আউটে ফেরানোই রাহানেদের কাছে বড় চ্যালেঞ্জ। শুরুতে ফিল সল্ট ও কোহলি দাঁড়িয়ে গেলে বিপদ। দ্রুত এই দু’জনকে ফেরালে ম্যাচে জাঁকিয়ে বসার সুযোগ মিলবে। নতুন বলে হর্ষিত রানা, অ্যানরিখ নর্তজের উপর থাকবে বাড়তি দায়িত্ব। তৈরি দুই স্পিন অস্ত্র বরুণ চক্রবর্তী, সুনীল নারিনও। রান আটকে রাখার পাশাপাশি উইকেট নেওয়ার ব্যাপারে তাঁদের জুড়ি মেলা ভার।
ইডেনে অবশ্য আরসিবি’র রেকর্ড ভালো নয়। ১৩টা খেলে হার আটটিতে। ৪৯ রানে অল-আউটের ক্ষত আজও দগদগে। তবে নিলামের পর এবার আরসিবি দলের ভারসাম্য দুর্দান্ত। মিডল অর্ডারে দেবদূত পাদিক্কাল, ক্যাপ্টেন রজত পাতিদার ব্যর্থ হলেও ক্রুণাল পাণ্ডিয়া, লিয়াম লিভিংস্টোন হাল ধরার জন্য তৈরি।
পেসাররা সুবিধা পেলে চাপে থাকবে কেকেআর। কারণ, নর্তজে চোট সারিয়ে ফিরছেন। হর্ষিতও অনেক দিন ম্যাচের বাইরে। সেই নিরিখে হ্যাজলউড, ভুবনেশ্বর ও যশ দয়ালকে নিয়ে শুরুতে কেকেআরের উপর ঝাঁপাতে চাইবে আরসিবি। তবে নাইটদের ওপেনিং জুটিতে থাকছে চমক। দুই বাঁ হাতি ডি’কক ও নারিন শুরু করতে পারেন। তারপর বেঙ্কটেশ ও রাহানে। কেকেআরের ব্যাটিংয়ে সবচেয়ে শক্তিশালী জায়গা মিডল অর্ডার। ম্যাচ উইনার রিঙ্কু সিং, রাসেলের পাশাপাশি রয়েছেন রামনদীপ সিং।
মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে বৃষ্টি। শুক্রবারও ঘণ্টা দুয়েকের ইনিংস খেলেছেন বরুণদেব। ভেস্তে গিয়েছে প্র্যাকটিস। শনিবারও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। উদ্বোধনী অনুষ্ঠানের তাল কাটলেও কাটতে পারে। তবে ম্যাচ আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী সিএবি কর্তারা।