নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বেসরকারি ব্যাংকের অফিসার পরিচয় দিয়ে বিনিয়োগ প্রতারণা। নিউটাউনের এক প্রবীণ নাগরিককে হাই রিটার্নের টোপ দিয়ে বিনিয়োগ করানো হয়। এক কোটি টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন তিনি। ওই ঘটনায় পূর্ব বর্ধমান জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিনয় হালদার এবং অরূপকুমার নন্দী। বিনয়ের বয়স ৩৪ এবং অরূপের বয়স ৫৬ বছর। ধৃতদের আটদিনের পুলিশ হেপাজত হয়েছে। তাদের জেরা করে এই চক্রের খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনিয়োগ প্রতারণা বা ইনভেস্টমেন্ট ফ্রড দিন দিন বেড়েই চলেছে। শুধু প্রবীণ নাগরিকরাই নন, হাই রিটার্নের টোপে পা দিয়ে তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরাও এই প্রতারণার শিকার হচ্ছেন। গত বছর ২৭ অক্টোবর নিউটাউনের বাসিন্দা এক প্রবীণ বিধাননগর সাইবার ক্রাইম থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতারকরা নিজেদের ব্যাংক অফিসার পরিচয় দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। একটি বেসরকারি ব্যাংকের নাম দিয়ে তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে। সেখানে ওই প্রবীণ নাগরিককে যুক্ত করা হয়। ওই গ্রুপে হাই রিটার্নের পলিসির কথা উল্লেখ করে তাঁকে বিনিয়োগ করার জন্য প্রলোভন দেওয়া হয়।
ব্যাংক অফিসার ভেবে তিনি বিনিয়োগ শুরু করেন। প্রতারকরা তাঁকে একটি ভুয়ো ইন্টারফেস দিয়েছিল। যেখানে তিনি ভুয়ো মুনাফার পরিমাণ দেখতে পাচ্ছিলেন। ভেবেছিলেন, সতিই তাঁর বিনিয়োগ করা অর্থ হু হু করে বাড়ছে। কিন্তু, টাকা তুলতে গিয়ে দেখেন, কোনো টাকাই তাঁর অ্যাকাউন্টে জমা পড়েনি। এরপরই বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। তিনি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ নথিভুক্ত করেন। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ একাধিক ডিজিটাল নথিপত্র সংগ্রহ করে। তার ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ চলছে।



