নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফ্লাইওভারের উপর বসানো পুলিসের সিসি ক্যামেরা চুরি। পরপর তিন বার এমন ঘটনায় তদন্তের নির্দেশ দিল লালবাজার। পুলিস সূত্রের খবর, কেন বারবার ফ্লাইওভারের উপর থেকে ক্যামেরা ও দামি ফাইবার অপটিক্যাল তার চুরি হচ্ছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ বন্দর থানাকে। এই ঘটনার নেপথ্যে কোনও চক্র রয়েছে কি না তার তদন্ত চালাচ্ছে পুলিস। উল্লেখ্য, গার্ডেনরিচ ফ্লাইওভারে বেপরোয়া গতির গাড়ি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তার জেরে এক কিশোরের মৃত্যুও হয়। সেই ঘটনার তদন্তে নেমেই বিপাকে পড়ে পুলিস। কারণ ফ্লাইওভারের উপরের ৩টি ক্যামেরা গায়েব। সেই ঘটনার তদন্তে নেমে এখনও কাউকে চিহ্নিত করতে পারেনি। লালবাজার জানিয়েছে, তদন্ত জারি রয়েছে।



