Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘থিয়েটার মানুষ তৈরির কারখানা’

‘থিয়েটার মানুষ তৈরির কারখানা’
  • ১০ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

জি ফাইভে সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ক্রাইম বিট’। সেখানে এক ক্রাইম জার্নালিস্টের চরিত্রে 
ধরা দিয়েছেন অভিনেত্রী সাবা আজাদ। সুধীর মিশ্রর এই সিরিজকে ঘিরে এক সাক্ষাৎকারে নিজের 
অনুভূতি শেয়ার করলেন অভিনেত্রী।

Advertisement

 

উচ্চাকাঙ্ক্ষা

প্রথমবার ক্রাইম-থ্রিলার ধর্মী সিরিজে কাজ করলেন সাবা। ‘ক্রাইম বিট’-এ তাঁর অভিনীত চরিত্র ‘মায়া’র সঙ্গে নিজের কিছু মিল যেমন খুঁজে পেয়েছেন অভিনেত্রী, রয়েছে কিছু অমিলও। সাবা বলেন, ‘জীবনের সবক্ষেত্রে মায়া সৎ থাকতে চায়। নৈতিকতার দিক থেকে আমি ‘মায়া’র মতোই। ছোট থেকে বাবা-মা আমাকে এই মূল্যবোধেই বড় করেছেন। মায়া নিজের কেরিয়ার নিয়ে খুবই উচ্চাকাঙ্ক্ষী। আমি মনে করি অতি উচ্চাকাঙ্ক্ষা পুঁজিবাদের একটা ফাঁদ। আমার যা ভালো লাগে, আমি তাই করি। কিন্তু আমি অন্যায় ভাবে কিছু অর্জন করতে পারি না। আর নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রাণ দিয়ে দেব, সেরকম মানুষ আমি নই।’

কম অফার
পর্দার চেয়ে মঞ্চে বেশি অভিনয় করেন সাবা। মঞ্চে অভিনয়ের কারণে তিনি কি একটু খুঁতখুঁতে? সেকারণেই তাঁকে পর্দায় কম দেখা যায়? মাথা নেড়ে অভিনেত্রী বলেন, ‘না, আমি খুঁতখুঁতে নই। আমার কাছে খুব বেশি প্রস্তাব আসে, তেমন নয়। তারমধ্যে থেকে নিজের পছন্দ মতো বেছে নেওয়ার চেষ্টা করি। অভিনয়ের বাইরে গান গাই, ভয়েজওভার দিই। অভিনয়ের ক্ষেত্রে নিজেকে রিপিট করতে চাই না।’

মঞ্চ মানুষ গড়ে
থিয়েটার থেকে আজীবনের শিক্ষা পেয়েছেন বলে দাবি করলেন সাবা। তাঁর কথায়, ‘থিয়েটার বিনয়ী হতে শেখায়। এখানে কেউ ‘স্টার’ বা কেউ ‘এক্সট্রা’ নয়। এখানে সবাই সমান। এখানে সব ধরনের কাজ নিজের হাতে করতে হয়। সত্যি বলতে নাটকে টাকা নেই। থিয়েটার কোনও সিঁড়ি নয়, যা বেয়ে উঠলে সিনেমার দরজা খুলে যাবে। থিয়েটার হল অভিনেতা এবং ভালো মানুষ তৈরির কারখানা।’

অনুপ্রেরণায় বিশ্বাসী
সাবার মতে, প্রত্যেকের জার্নি আলাদা। তাই কারও সঙ্গেই তাঁর প্রতিযোগিতা নেই। ‘আমি প্রতিযোগিতার চেয়ে অনুপ্রেরণায় বেশি বিশ্বাসী’, হেসে বললেন অভিনেত্রী। সম্প্রতি ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজে অনুরাগ ঠাকুরের কাজ তাঁকে অনুপ্রাণিত করেছে বলে জানালেন।

বাংলা সিনেমায় আগ্রহী 
বাংলায় একটু আধটু কথা বলতে পারেন সাবা। ভাঙা বাংলায় তিনি বলেন, ‘আমার বেশ কিছু বাঙালি বন্ধু আছে। তাই বাংলা কিছুটা শিখেছি। বাংলা সিনেমা দেখতে ভালোবাসি। বাংলা সিনেমাতেও আমি কাজ করতে আগ্রহী।’
                                                                                                             দেবারতি ভট্টাচার্য, মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ