Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদেশি নাগরিকদের তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ

বিদেশি নাগরিকদের তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়  কলকাতা

Advertisement

ভারতে আসা বিদেশি নাগরিকদের তথ্য নিয়ে সমন্বয়ের অভাব থাকছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। বিদেশিরা এখানে আসার পর কী করে বেড়াচ্ছে তার খোঁজখবর রাখে না কোনও রাজ্যেরই পুলিস। বৈধভাবে ভারতে আসার পর অনেকেই ভুয়ো ভারতীয় নথি তৈরি করে এদেশের পাসপোর্ট করে ফেলছে। কেউ কেউ আবার নাশকতা বা অপরাধ করে বেড়াচ্ছে। নাশকতার পরই দেশ ছাড়ছে তারা। সংশ্লিষ্ট বিদেশির সম্পর্কে বিস্তারিত তথ্য না-থাকায় তাদের খুঁজে পেতে কালঘাম ছুটছে বিভিন্ন এজেন্সির। একদিকে অপরাধ দমন। অন্যদিকে আইনি পথে ভারতে এসে ভুয়ো নথি তৈরি। অতঃপর চলে পাকাপাকিভাবে এদেশের নাগরিক হওয়ার চাতুরি। এসব রুখতে বিদেশিদের সম্পর্কে কেন্দ্রীয় পোর্টালে তথ্য রাখতে হবে। তাদের গতিবিধি ও কাজকর্ম সম্পর্কে যাতে পুলিসের পাশাপাশি অভিবাসন এবং কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর খোঁজখবর চালাতে পারে তার 
ব্যবস্থা রাখা।
গত এপ্রিলে অভিবাসন ও  বিদেশি নাগরিকদের নিয়মাবলি নিয়ে এসেছে কেন্দ্র। নতুন এই আইনের লক্ষ্য হল অবাঞ্ছিত বা অবৈধভাবে বসবাস করা বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের কাছে রিপোর্ট এসেছে বিদেশিদের মধ্যে বিশেষত বাংলাদেশ থেকে যারা আসছে তাদের অনেকেই দেশে ফিরছে না। এখানে ভুয়ো ভারতীয় নথি তৈরি করে ‘নাগরিক’-এর মতো থেকে যাচ্ছে। দেশ-বিরোধী বিভিন্ন কাজকর্মে লিপ্ত হচ্ছে তাদের অনেকে। হোটেলে আসার পর তাঁদের তথ্য পুলিসের কাছে এলে সেটা জানিয়ে দেওয়া হতো স্বরাষ্ট্র মন্ত্রকে। কিন্তু তারা কী করছে, কোথায় যাচ্ছে সেই বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখত না কোনও রাজ্যেরই পুলিস। সবচেয়ে বেশি সমস্যা হতো কেউ পড়াশোনার জন্য ভারতে এলে। পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত অনেকে। 
এই ফাঁকফোকর আর রাখতে চাইছে না স্বরাষ্ট্র মন্ত্রক। সমন্বয় বাড়াতে তাই কেন্দ্রীয়ভাবে চালু হল পোর্টাল। সমস্ত রাজ্যের পুলিশকেই বলা হয়েছে, কেন্দ্রের পোর্টালে প্রতিদিন নিয়ম করে তথ্য আপলোড করতে। বিদেশি নাগরিকরা কোন হোটেল, গেস্ট হাউস বা রিসর্টে রইল সেখান থেকে নিয়মিত তথ্য নেবেন অফিসাররা। হাসপাতালে ভর্তি হলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার আপডেট নিয়ে তথ্য জানাতে হবে দিল্লিকে। তাদের কবে ছাড়া হবে সেই তথ্যেরও উল্লেখ থাকবে তাতে। 
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের সেমেস্টার ভিত্তিক ফল ও তাদের আচার-আচরণ ওই পোর্টালে উল্লেখ করার নির্দেশ এসেছে। যদি কোনও বিদেশি নাগরিক ঘন ঘন পাব বা পানশালায় যায় তবে তার বিষয়ে সেখানকার মালিককে জানাতে হবে পুলিস ও অভিবাসন দপ্তরকে। তার উপর নজরদারি চালানো সহজ করতেই এই নির্দেশ। কোনও মালিক তা না জানালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। 
নতুন এই ব্যবস্থায় বিদেশিদের  ‘ট্র্যাক’ করা অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। কোনও বিদেশি নাগরিক অপরাধ করে অন্য রাজ্যে পালিয়ে গেলে সঙ্গে সঙ্গেই তাকে চিহ্নিত করে ধরে ফেলা যাবে বলেও দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ