নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন বাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য প্রি স্কুল এডুকেশন কিট কেনার নির্দেশ দিল নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। এই বাবদ প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ৩০০০ টাকা করে ধার্য করা হয়েছে। এই কিটের মধ্যে অক্ষরের ব্লক, বিভিন্ন খেলনা সঙ্গীতযন্ত্র, স্লেট, মাটি বা প্লাস্টিকের তৈরি ফল, রান্নাঘরের বিভিন্ন সামগ্রীর মডেল ইত্যাদি থাকবে। পড়াশোনা ও পাঠ্যক্রম বহির্ভূত নানা কাজের সঙ্গে শিশুদের পরিচিত করাতেই এই উদ্যোগ। দপ্তরের দাবি, অক্ষরের পাশাপাশি দৈনন্দিন জীবনের অনেক কিছু শিশুদের চেনাতে এই কিট কাজে লাগবে। প্রত্যেক জেলায় মহকুমা শাসকের অফিস থেকে এই কিট কিনে তুলে দেওয়া হবে প্রতিটি কেন্দ্রকে।



