নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুল চালুর উদ্যোগ শিলিগুড়িতে। প্রশাসন সূত্রের খবর, শিলিগুড়ি শিক্ষা জেলায় প্রথম পর্যায়ে ৩৯টি প্রাথমিক স্কুলে ইংরেজিতে পঠনপাঠন চালুর ভাবনা রয়েছে। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সঙ্গে টেক্কা দিতেই এমন পরিকল্পনা নিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তারা ইতিমধ্যে এ ব্যাপারে শিক্ষাদপ্তরে প্রস্তাব পাঠিয়েছে।
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপ রায় বলেন, মাস খানেক আগে এ বিষয়ে শিক্ষাদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশ এলেই প্রস্তাব কার্যকর করা হবে। এজন্য সংসদ পুরোপুরি প্রস্তুত রয়েছে।
উত্তরবঙ্গ তো বটেই রাজ্যের মধ্যে অন্যতম এডুকেশন হাব শিলিগুড়ি। এখানকার শহর ও গ্রামে ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের ছড়াছড়ি। সেগুলির চাহিদাও রমরমা। সেগুলির সঙ্গে প্রতিযোগিতায় মার খাচ্ছে সরকারি প্রাথমিক স্কুলগুলি। সেগুলির মধ্যে একাংশ পড়ুয়া সঙ্কটে ভুগছে। এই সমস্যা দূর করতে বিভিন্নরকম পরিকল্পনা নিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এবার তারা ইংরেজি মাধ্যম স্কুল চালুর উদ্যোগ নিয়েছে।
প্রশাসন সূত্রে খবর, জেলায় সাতটি সার্কেলে প্রাথমিক স্কুলের সংখ্যা ৩৯০টি। এরমধ্যে অধিকাংশ বাংলা মাধ্যমের স্কুল। সেগুলিতে বাংলা ভাষায় পঠনপাঠন হয়। এরবাইরে কয়েকটি হিন্দি, নেপালি এবং দু’টি উর্দু ভাষার স্কুল রয়েছে। সেগুলির মধ্যে শিলিগুড়ি শহরকেন্দ্রীক দু’টি সার্কেলে সাতটি করে এবং বাকি পাঁচটি সার্কেলে পাঁচটি করে মোট ৩৯টি স্কুলে ইংরেজি মাধ্যমের পঠনপাঠান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বলেন, প্রাথমিকভাবে সমীক্ষা করে ৩৯টি স্কুলের তালিকা তৈরি করা হয়েছে। কোথাও বাংলা, কোথাও হিন্দি, কোথাও নেপালি, আবার কোথাও উর্দুর সঙ্গে ইংরেজি মাধ্যমের পঠনপাঠন করানো যেতে পারে। তা হলে স্কুলগুলিতে ছাত্রছাত্রীর অভাব হবে না। স্কুলগুলিতে পঠনপাঠনের মানও বাড়বে। অভিভাবকরাও স্কুলগুলির প্রতি আকৃষ্ট হবেন। বেসরকারি স্কুলের সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারব।
কিন্তু ইংরেজি মাধ্যম স্কুল পরিচালনা হবে কীভাবে? চেয়ারম্যান বলেন, জেলায় প্রাথমিক স্কুলে শিক্ষকের সংখ্যা ১৮শোর বেশি। তাতে ৭০ থেকে ৮০ জন শিক্ষক সিবিএসই এবং আইসিএসই বোর্ডে পড়াশোনা করেছেন। মাস খানেক আগে সমীক্ষা চালিয়ে সেই তালিকা তৈরি করা হয়েছে। রাজ্য সরকার প্রস্তাব অনুমোদন করলেই ওই শিক্ষকদের ইংরেজি মাধ্যম স্কুলে স্থানান্তরিত করা হবে। তাতে শিক্ষকের সমস্যা হবে না।
প্রসঙ্গত, শিলিগুড়িতে বেশকিছু হাইস্কুলে ইংরেজি মাধ্যম চালু হয়েছে। সংসদের চেয়ারম্যান বলেন, হাইস্কুলের কায়দাতেই প্রাথমিকে ইংরেজি মাধ্যমের স্কুল পরিচালনা করতে চাই। তাছাড়া রাজ্যের কিছু জেলায় প্রাথমিক স্কুলে ইংরেজি মাধ্যমের পঠনপাঠন হয় বলে খবর পেয়েছি। এখানে আমাদের উদ্যোগ বাস্তাবায়িত হলে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা উপকৃত হবে বলেই আশাবাদী।