নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় রান্নার জ্বালানির চাহিদা মেটাতে কেরোসিন তেলের বিশেষ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার লাইসেন্সপ্রাপ্ত পেট্রল পাম্প কেরোসিন বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ‘পেট্রলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন’ এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। পাম্পের মধ্যে কত জায়গা নিয়ে শেড তৈরি করে সেখানে কীভাবে কেরোসিন মজুত রেখে বিক্রি করতে হবে, তার বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে। পাম্পে নিরাপদ জায়গায় অস্থায়ী শেড তৈরি করে ড্রাম বা ব্যারেলে ২৫০০ লিটার পর্যন্ত কেরোসিন রেখে বিক্রি করা যাবে বলে উল্লেখ করা হয়েছে গাইডলাইনে। এই পর্বে গোটা দেশের জন্য ৪৮ হাজার ২৪০ কিলোলিটার কেরোসিন বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে ৪,১৬৪ কিলোলিটার।



