নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁশবেড়িয়া-ত্রিবেণীর বাসিন্দাদের জন্য সুখবর দিল রেল। এক বছরের মধ্যে দুই স্টেশনের মাঝে গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি হতে চলেছে রোড ওভারব্রিজ (আরওবি)। এর ফলে স্বস্তি পাবেন কয়েক লক্ষ মানুষ।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁশবেড়িয়া-ত্রিবেণীর বাসিন্দাদের জন্য সুখবর দিল রেল। এক বছরের মধ্যে দুই স্টেশনের মাঝে গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি হতে চলেছে রোড ওভারব্রিজ (আরওবি)। এর ফলে স্বস্তি পাবেন কয়েক লক্ষ মানুষ।
এই দুই স্টেশনের মাঝে লেভেল ক্রসিংয়ে চার নম্বর গেট মানুষের নিত্যদিনের দুর্ভোগ হয়ে উঠেছে। দিনের ব্যস্ত সময় ভয়াবহ হয়ে ওঠে লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত। ট্রেন চলাচলের জন্য নিয়ম মেনে বন্ধ হয় গেট। কিন্তু অধিকাংশ সময় গাড়ি চালকরা তা অমান্য করে জোর করে রেল গেট পেরিয়ে লাইন পেরতে যান। ফলে তৈরি হয় বিরাট যানজট। আর ট্রেন লেট করে। পাশাপাশি সড়কপথে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মানুষকে। নিত্যদিন এই সমস্যা। নিত্যকার তিক্ত অভিজ্ঞতায় মানুষ ক্ষুব্ধ।
ভারতীয় রেল এই পরিস্থিতি বুঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল এবার। হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া সেকশনের আওতায় আছে বাঁশবেড়িয়া-ত্রিবেণী স্টেশন। পূর্বরেল সিদ্ধান্ত নিয়েছে, এই দুই স্টেশনের মধ্যবর্তী স্থানে লেভেল ক্রংসি গেট নম্বর চার পুরোপুরি তুলে দিয়ে নয়া আরওবি তৈরি করা হবে। এটি তৈরি হয়ে গেলে ওই অংশে ট্রেন লেট পুরোপুরি বন্ধ হবে। পাশাপাশি সড়ক পরিবহণ ব্যবস্থা তুলনায় হবে মসৃণ। দুর্ঘটনার আশঙ্কা কমবে। রেল জানিয়েছে, এই ধরনের প্রকল্প রূপায়ণের আগে সুনির্দিষ্ট আনুষ্ঠানিকতা পূরণ করতে হয়। সেই সূত্রে দু’মাসের মধ্যে প্রস্তাবিত আরওবি তৈরির বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ শেষ হবে। তারপর আর্থিক অনুমোদনের জন্য ফাইল যাবে রেল মন্ত্রকের কাছে।
রেল দেশজুড়ে মানুষ দ্বারা চালিত লেভেল ক্রসিং তুলে দেওয়ার কাজকে অগ্রাধিকার দিচ্ছে। এক্ষেত্রেও দ্রুত আর্থিক মঞ্জুরি মিললে কাজ শুরু করে দেওয়া হবে বলে আশাপ্রকাশ করেছেন রেলকর্তারা। জানা গিয়েছে, গত কয়েকটি আর্থিক বছরে পশ্চিমবঙ্গে একগুচ্ছ নয়া আরওবি অনুমোদন করেছে ভারতীয় রেল। ফাইল চিত্র