Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জমিজটের সমস্যা মিটিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ

জমিজটের সমস্যা মিটিয়ে সলিড ওয়েস্ট  ম্যানেজমেন্ট কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু জমি জটের কারণে এতদিন তা সম্ভব হচ্ছিল না। কোনও পঞ্চায়েতে জমির অভাব। কোথাও জমি থাকলেও পদ্ধতিগত ত্রুটির কারণে করা সম্ভব হয়নি। অবশেষে সব সমস্যা মিটিয়ে প্রতিটি পঞ্চায়েতের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন্দ্র তৈরি করতে উদ্যোগ নিল জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। এই ব্লকের ১৪টি পঞ্চায়েতের জন্য ভিন্ন ভিন্ন প্রকল্প হতে চলেছে।

Advertisement

জানা গিয়েছে, জগৎবল্লভপুর ব্লকের ১৪টি পঞ্চায়েতের সাতটি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি হচ্ছে। শঙ্করহাটি-দুই নম্বর ও পাতিহাল পঞ্চায়েতে তৈরি হবে বড় আকারের দু’টি প্রকল্প। সেখানে ন’টি পঞ্চায়েতের আবর্জনা একসঙ্গে ফেলা হবে। বাকি পাঁচটি পঞ্চায়েতে তৈরি হবে আলাদা আলাদা কেন্দ্র। শঙ্করহাটি-দুই নম্বরে মূলত শঙ্করহাটি-এক ও দু’নম্বর, জগৎবল্লভপুর-এক ও দু’নম্বর এবং মাজু পঞ্চায়েতের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ হবে। অন্যদিকে পাতিহাল কেন্দ্রে বড়গাছিয়া-এক ও দুই নম্বর, পাতিহাল ও শিয়ালডাঙা পঞ্চায়েতের কাজ হবে। এর মধ্যে শঙ্করহাটি-দু’নম্বর কেন্দ্রে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুত সেটি চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। তবে পাতিহাল কেন্দ্রটি চালু করতে খানিকটা সময় লাগবে বলে জানা গিয়েছে।
পাশাপাশি ইসলামপুর, পোলগুষ্টিয়া, হাঁটাল, লস্করপুর এবং গোবিন্দপুর পঞ্চায়েতে আলাদা আলাদা কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত সমিতি। এর মধ্যে হাঁটাল ও লস্করপুর কেন্দ্রের কাজ প্রায় শেষ। ইসলামপুর ও গোবিন্দপুর পঞ্চায়েতের জন্যও ইতিমধ্যেই ডিপিআর জমা দেওয়া হয়েছে। তবে পোলগুষ্টিয়া এলাকায় এখনও জমি না মেলায় সেখানে এসডব্লুএম কেন্দ্র তৈরিতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে ইসলামপুর পঞ্চায়েতের সঙ্গেই এই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার কাজ জুড়ে দেওয়া হবে বলে ভাবনা চিন্তা চলছে। আরও জানা গিয়েছে, শুধু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলাই নয়, গোটা জগৎবল্লভপুরজুড়ে গুরুত্বপূর্ণ রাস্তাগুলির ধারে লোহার তৈরি খাঁচা বসানো হবে। সেটিকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করবে পথচলতি মানুষ। জমা হওয়া প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে নিকটবর্তী বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে।

Advertisement
সম্পর্কিত সংবাদ