Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় একগুচ্ছ নতুন রাস্তা, নিকাশি নালা তৈরির উদ্যোগ

শহরজুড়ে নতুন রাস্তা আর নিকাশি নালা তৈরির উদ্যোগ নিয়েছে চুঁচুড়া পুরসভা

চুঁচুড়ায় একগুচ্ছ নতুন রাস্তা,  নিকাশি নালা তৈরির উদ্যোগ
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শহরজুড়ে নতুন রাস্তা আর নিকাশি নালা তৈরির উদ্যোগ নিয়েছে চুঁচুড়া পুরসভা। একসঙ্গে ৬০টি রাস্তা ও ৬০টি নিকাশি নালা তৈরি করা হবে। যা গত কয়েক বছরের নিরিখে চুঁচুড়া পুরসভার সবচেয়ে বড় প্রকল্প। ইতিমধ্যেই ওই প্রকল্পের জন্য সমস্ত টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে। পুরকর্তাদের দাবি, পুরসভার মোট ৩০টি ওয়ার্ডের নিজস্ব চাহিদার ভিত্তিতে রাস্তাগুলি তৈরির কাজ শুরু করা হবে। সাম্প্রতিক সময়ে পুরসভার আর্থিক অবস্থার প্রেক্ষিতে নাগরিক পরিষেবা ও স্থানীয় উন্নয়ন নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। পুরকর্তাদের ওই নতুন প্রকল্প, সেই সব প্রশ্নের উত্তর বলেও অনেকে মনে করছেন। 

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তা ও নিকাশি নালা কোথায় করা হবে তা নিয়ে কাউন্সিলার ও নাগরিকদের কাছে প্রস্তাব চাওয়ার কাজ শুরু হয়েছে। চুঁচুড়ায় জনবসতির ঘনত্ব বেড়েছে। নতুন নতুন কলোনি ও আবাসন গড়ে উঠেছে। সেইসব নতুন এলাকার অনেক জায়গাতেই পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা ও রাস্তার অভাব আছে। নতুন প্রকল্পে সেইসব এলাকাকে বাড়তি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পুরসভার চেয়ারম্যান প্রবীণ তৃণমূল নেতা অমিত রায় বলেন, পুরসভার নিকাশি ও যোগাযোগ ব্যবস্থাকে সাজিয়ে তুলতে একটি মেগা প্রকল্প নেওয়া হয়েছে। একসঙ্গে শহরের সমস্ত এলাকায় ওই উন্নয়নপ্রকল্প কার্যকরী করা হবে। নতুন ৬০টি রাস্তা ও ৬০টি নিকাশি নালা তৈরি করা হবে। শহরের মূল রাস্তাগুলির সঙ্গে বসতিকে জুড়ে নতুন রাস্তা হবে। নিকাশি নালাগুলির ক্ষেত্রে নতুন বসতি এলাকাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য জয়দেব অধিকারী বলেন, পুরসভার বোর্ড সভায় প্রকল্প অনুমোদন সহ টাকা বরাদ্দের কাজ সারা হয়েছে। এখন শুধু কাজে নামার অপেক্ষা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পরিকল্পনা অনুসারে প্রতিটি এলাকায় দু’টি করে নতুন রাস্তা ও নিকাশি নালা করার করার কথা  হয়েছে। তবে স্থানীয় চাহিদার ভিত্তিতে সেই পরিকল্পনার বদল হতে পারে। বর্ষা মরশুম পেরিয়ে গেলেই কাজে নেমে পড়তে প্রস্তুতি শুরু করেছেন পুরকর্তারা। সম্প্রতি একাধিক বার পুরসভায় কর্মী বিক্ষোভ হয়েছে। তাতে পুরসভার বেহাল আর্থিক অবস্থার বিষয়টি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে প্রায় কোটি টাকার প্রকল্প দ্রুত রূপায়ণ করতে চাইছেন পুরকর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ