নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুরের শিল্প সম্ভাবনা নিয়ে ফের আশার কথাই শোনালেন রাজ্যে শিল্পমন্ত্রী তাপস রায়। শুক্রবার হুগলির সিঙ্গুরের সিংহেরভেড়িতে একটি বিশ্বকর্মাপুজোর অনুষ্ঠানে এসেছিলেন শিল্পমন্ত্রী। সেখানে তিনি বলেন, সিঙ্গুরে শিল্পের ক্ষেত্রে সমস্ত সম্ভাবনার পথই খোলা রাখা হয়েছে। শিল্পপতিদের আগ্রহের পাশাপাশি শিল্পবান্ধব পরিবেশ তৈরির উপরেও আমরা জোর দিয়েছি। সিঙ্গুরে টাটাদের ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রত্যাশা আছে। কিন্তু টাটাদের কথাও আমাদের শুনতে হবে। এদিন তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কঠোর মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, এই পরিণতি হওয়ারই ছিল। বিজেপিকে হারানো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর সম্ভব নয়।



