Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছট উপলক্ষ্যে উৎসবে মাতছে শিল্পাঞ্চল, দু’টি ছটঘাটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আজ, সোমবার ছট উপলক্ষ্যে হাজার হাজার মানুষ সূর্যদেবতার প্রার্থনা করবেন। রবিবার থেকেই শিল্পাঞ্চলজুড়ে উৎসবের আমেজ রয়েছে।

ছট উপলক্ষ্যে উৎসবে মাতছে শিল্পাঞ্চল, দু’টি ছটঘাটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আজ, সোমবার ছট উপলক্ষ্যে হাজার হাজার মানুষ সূর্যদেবতার প্রার্থনা করবেন। রবিবার থেকেই শিল্পাঞ্চলজুড়ে উৎসবের আমেজ রয়েছে। এদিন বেশ কয়েকটি ছটঘাটের উদ্বোধনও হয়ে গিয়েছে। আজ, সোমবার আসানসোলের দু’টি বৃহৎ ছটঘাটের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল উত্তর থানার তপসিবাবা ছটঘাট ও রামগোলাম সিংহ তলাব ওরফে বাবু তলাবের ছটঘাটের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তপসিবাবা ছটঘাটে গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজের তদারকি করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।

Advertisement

এদিন সকালে কুলটি থানার দিসেরগড়ে ছটঘাট পরিদর্শনে যান আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র ওয়াশিমূল হক সহ অন্যান্য পুরকর্তারা। তাঁরা সব প্রস্তুতি খতিয়ে দেখেন। এরপর তাঁরা যান, বরাকরের ছটঘাট পরিদর্শন করতে। নদীতে জলের স্রোত কমেছে কি না, তা বারবার পর্যালোচনা করেছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এদিন মা‌ইথনে গিয়ে দেখা গিয়েছে, জেলা প্রশাসনের অনুরোধে ডিভিসি অতিরিক্ত জল ছাড়া বন্ধ করে রেখেছে। এদিকে ছট উৎসব উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন বাজারে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। আসানসোলে জিটি রোডের দু’পাশজুড়ে ছটের সামগ্রী ঢালাও বিক্রি হচ্ছে। কলার কান্দি থেকে আখ, ডাব সবই রয়েছে। দাম চড়া থাকলেও পুজোর সামগ্রী কিনতে তারা কার্পন্য করছেন না। এদিন কলার কান্দি আসানসোল বাজারে বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৬৫০ টাকা দামে। সোমবার দাম আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। একটি গোটা আখ বিক্রি হচ্ছে ৫০ টাকা দামে। দুর্গাপুর স্টেশন বাজার থেকে বেনাচিতি বাজার সর্বত্র ভিড় দেখা গিয়েছে। বিভিন্ন খনি এলাকা আলোয় সেজে উঠেছে। ট্রাফিক পুলিশ থেকে বিভিন্ন থানার পুলিশ ছটঘাটগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে বারবার পরিদর্শন করছেন। যানজট নিয়ন্ত্রণেও পদক্ষেপ নেওয়া হয়েছে।  মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগে তপসিবাবা ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী মলয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ