আমস্টেলভিন: নেদারল্যান্ডস শুধু ওলিম্পিকসের চ্যাম্পিয়নই নয়, এই মুহূর্তে বিশ্বের দু’নম্বর তারা। তার উপর চলতি হকি বিশ্বকাপের অন্যতম আয়োজকও তারা। মহাপরাক্রমী সেই ডাচদের বিরুদ্ধে শনিবার দ্বিতীয় পর্বের লিগে অভিযান শুরু করছে ভারত। হরমনপ্রীতদের সামনে অগ্নিপরীক্ষা। গ্যালারিতে হাজার দশেক কমলা সমর্থক গলা ফাটাবেন নেদারল্যান্ডসের হয়ে। এই পরিস্থিতিতেই মরণ-বাঁচনের ম্যাচে লড়তে হবে ক্রেগ ফুলটন ব্রিগেডকে।
গ্রুপ ‘ডি’র সেরা দু’দল হিসাবে সুপার এইট পর্বে পৌঁছেছে ইংল্যান্ড ও ভারত। পুল ‘ই’তে রয়েছে এই দুই দল। বাকি দু’টি প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও আর্জেন্তিনা। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে আর খেলবে না ভারত। কারণ তাদের মধ্যে গ্রুপ লিগের ফলই এখানে ক্যারি ফরোয়ার্ড হচ্ছে। অর্থাৎ সেই ম্যাচে জয়ের সুবাদে ইংল্যান্ডের ঝুলিতে আপাতত ৩ পয়েন্ট। আর ভারতের ঝুলি আপাতত শূন্য। ফলে সুপার এইট পর্বে রীতিমতো ব্যাকফুটে হরমনপ্রীতরা। এই অবস্থায় সেমি-ফাইনালে পৌঁছাতে গেলে নেদারল্যান্ডস ও আর্জেন্তিনার বিরুদ্ধে জিততেই হবে তাঁদের। ডাচদের বিপক্ষে কঠিন যুদ্ধে নামার আগে কোচ ফুলটনকে ভাবাচ্ছে ম্যাচের মাঝপর্বে খেলোয়াড়দের তাল হারানোর বদভ্যাস। ক্যাপ্টেন হরমনপ্রীত তাই সতর্ক করে দিয়েছেন রক্ষণভাগকে। প্রথম থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক থাকতে বলছেন অধিনায়ক।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্টার স্পোর্টসে।