নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটবল ইতিহাসে প্রথমবারের জন্য বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা তিন দেশের বিরুদ্ধে পরপর ম্যাচ খেলতে চলেছে ভারত। শুক্রবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে খালিদ জামিল ব্রিগেডের প্রতিপক্ষ পানামা। এরপর ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবেন গুরপ্রীতরা। তার তিনদিন বাদে তাঁরা খেলবেন উরুগুয়ের বিরুদ্ধে। তিন প্রতিপক্ষের মধ্যে শক্তির নিরিখে দুর্বলতম পানামা। তা সত্ত্বেও ভারতের সঙ্গে পার্থক্য অনেকটাই। ফিফা র্যাংকিংয়ে উত্তর আমেরিকা দেশটির অবস্থান ৪৪। ভারতের চেয়ে ৯৪ ধাপ এগিয়ে তারা। তাই শুক্রবার ঘরের মাঠে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে খালিদ ব্রিগেডের সামনে। ভারতীয় কোচ অবশ্য প্রতিপক্ষের র্যাংকিং ও বিশ্বকাপের অভিজ্ঞতা ভুলে বড়ো মঞ্চে নিজেদের মেলে ধরতে চাইছেন। তাই স্ট্র্যাটেজি বদলে রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে এসে প্রেসিং ফুটবল মেলে ধরাই লক্ষ্য মুম্বইকরের।
ভারতীয় কোচ হিসাবে খালিদের পরিসংখ্যান মোটেই চমকপ্রদ নয়। তাঁর প্রশিক্ষেণে ১২ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জয় পেয়েছে দল। হেরেছে ৬টিতে। বাকি ৪টি ড্র। তবে পানামার বিরুদ্ধে অতীতের ফলকে গুরুত্ব দিতে নারাজ খালিদ। তাঁর কথায়, ‘বিশ্বের প্রথম সারির দেশগুলির বিরুদ্ধে খেলতে পারা আমাদের কাছে বড়ো প্রাপ্তি। তাদের খেলার ধরন অনেকটাই আলাদা। তবে নিজেদের উপর আস্থা রাখতে হবে।’
দীর্ঘ তিন বছর পর কান্তিরাভায় ম্যাচ খেলতে নামছে জাতীয় দল। শেষবার এই মাঠে ২০২৩ সালে স্যাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল ভারত। ক্লাব ফুটবলে অবশ্য দীর্ঘ সময় ধরে বেঙ্গালুরুর জার্সিতে খেলছেন গুরপ্রীত সিং সান্ধু। তাঁর কথায়, ‘সদ্য বিশ্বকাপে খেলা দলের বিরুদ্ধে নিজেদের প্রমাণের সেরা সুযোগ পাচ্ছি। তা পুরোপুরি কাজে লাগাতে হবে।’
শক্তিশালী দল নিয়েই ভারতের মাটিতে পা রেখেছে পানামা। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে হারের পর শুক্রবারই প্রথমবারের জন্য মাঠে নামবে তারা। কোচ টমাস ক্রিশ্চিয়ানসেন অবশ্য ভারতকে হালকাভাবে নিতে নারাজ। তাঁর কথায়, ‘কোনো প্রতিপক্ষই সহজ নয়। ব্রাজিল, আর্জেন্তিনার মতো ভারতকেও একইভাবে গুরুত্ব দিচ্ছি।’
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে।