Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের দ্রুততম মানব গুরিন্দরবীর

ট্র্যাকে ইতিহাস সৃষ্টি করলেন গুরিন্দরবীর সিং। রাঁচিতে আয়োজিত জাতীয় সিনিয়র ফেডারেশন মিটে ১০০ মিটার দৌড়ে পরপর দু’দিন জাতীয় রেকর্ডের উন্নতি ঘটালেন পাঞ্জাবের দৌড়বিদ।

ভারতের দ্রুততম মানব গুরিন্দরবীর
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: ট্র্যাকে ইতিহাস সৃষ্টি করলেন গুরিন্দরবীর সিং। রাঁচিতে আয়োজিত জাতীয় সিনিয়র ফেডারেশন মিটে ১০০ মিটার দৌড়ে পরপর দু’দিন জাতীয় রেকর্ডের উন্নতি ঘটালেন পাঞ্জাবের দৌড়বিদ। এর আগে এই ইভেন্টে ১০.১৮ সেকেন্ডের রেকর্ড ছিল অনিমেশ খুজুরের। শনিবার প্রথম সেমি-ফাইনালে তা ভেঙে ১০.১৭ সেকেন্ডের নতুন কীর্তি স্থাপন করেন গুরিন্দরবীর। কিন্তু নাটকীয়ভাবে দ্বিতীয় সেমি-ফাইনালেই ১০.১৫ সেকেন্ডে দৌড়ে জাতীয় রেকর্ড পুনরুদ্ধার করেন ওড়িশার অনিমেষ। আর সেটাই আরও তাতিয়ে দেয় গুরিন্দরকে। ১০০ মিটারের ফাইনালে সোনা জয়ের পথে ভারতের প্রথম দৌড়বিদ হিসেবে ১০.১ সেকেন্ডের নীচে নামিয়ে আনলেন সময়। অনিমেষের সঙ্গে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতাই তাঁকে পৌঁছে দেয় অন্য উচ্চতায়। গুরিন্দর দৌড় শেষ করতে সময় নিলেন ১০.০৯ সেকেন্ড। দুরন্ত এই সাফল্যের সুবাদে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করলেন ২৫ বছরের স্প্রিন্টার।

Advertisement

রেকর্ড ভাঙার খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার জোয়ারে ভেসে যান গুরিন্দরবীর। ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য পোস্ট করেন, ‘অসাধারণ সাফল্য, অনেক প্রত্যাশা বাড়িয়ে দিলে। আশা করছি, দেশবাসীকে আরও অনেক গর্বের মুহূর্ত তুমি উপহার দেবে।’ গুরিন্দরবীর এখন ভারতীয় নেভিতে কর্মরত। এই সাফল্যের পর ভারতীয় নৌসেনার পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। আর স্বয়ং গুরিন্দরবীর বলছেন, ‘নিজের প্রতি আস্থা ছিল। কিট ব্যাগে একটা কাগজে টার্গেট লিখে রেখেছিলাম— ১০.১০ সেকেন্ড। সেটা মাথায় রেখেই অনুশীলন করতাম। এখন আমার লক্ষ্য এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক জেতা।’

Advertisement
সম্পর্কিত সংবাদ