Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

বিপক্ষ রক্ষণের ফাঁকফোকর কাজে লাগাতে উইং-প্লে’তে জোর ভারতের

গোলপোস্টের সামনে তিনটি সারিতে কৃত্রিম মানবপ্রচীর। প্রতিটির সঙ্গে জুড়ে দেওয়া হল একজন করে ডিফেন্ডার।

বিপক্ষ রক্ষণের ফাঁকফোকর কাজে লাগাতে উইং-প্লে’তে জোর ভারতের
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: গোলপোস্টের সামনে তিনটি সারিতে কৃত্রিম মানবপ্রচীর। প্রতিটির সঙ্গে জুড়ে দেওয়া হল একজন করে ডিফেন্ডার। একে একে তাঁদের টপকে চলল লক্ষ্যভেদের মহড়া। কখনও ডান, আবার কখনও বাঁ দিক থেকে গতি বাড়িয়ে উলটোদিকের ফুটবলারকে চমকে দেওয়াই লক্ষ্য ছিল মনবীর-আশিকদের। আর তাঁদের যাবতীয় পাস ধরে পরপর শটে জাল কাঁপালেন রায়ান উইলিয়ামস। এই পর্বে ছোটোখাটো ভুল হলেই সঙ্গেসঙ্গে অনুশীলন থামিয়ে ফুটবলারদের ভুলত্রুটি শুধরে দিলেন কোচ খালিদ জামিল। ব্রাজিল ম্যাচের ৭২ ঘণ্টা আগে মূলত প্রান্তিক আক্রমণেই জোর দিলেন ভারতীয় কোচ। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচেই গোল হজম করেছে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। তাই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের রক্ষণের দুর্বলতা কাজে লাগাতে উইং-প্লে’তেই জোর দিচ্ছেন মনবীরদের হেড স্যার।

Advertisement

কোচিং কেরিয়ারে শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবলই মূল অস্ত্র কোচ খালিদের। ভারতের দায়িত্ব নিয়েও সেই মানসিকতায় খুব একটা বদল আনেননি এই মুম্বইকর। পানামার বিরুদ্ধে অবশ্য আক্রমণে জোর দিয়েছিলেন তিনি। ফলও এসেছিল। বেঙ্গালুরুতে প্রথমার্ধেই দলকে এগিয়ে দিয়েছিলেন রায়ান। তবে ব্রাজিলের বিরুদ্ধে আবারও পুরানো ছকেই ফিরছেন তিনি। একটাই লক্ষ্য, রক্ষণ অটুট রেখে প্রতি-আক্রমণের পথে হাঁটা। সেই মতো এই ম্যাচ অনুশীলনেও জোড়া ডিফেন্সিভ ব্লকারে দল সাজান তিনি। বিরাট কিছু পরিবর্তন না ঘটলে পানামা ম্যাচের প্রথম একাদশই ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাবেন খালিদ। গোলের নীচে আরও একবার অভিজ্ঞ গুরপ্রীতই ভরসা রাখতে চলেছেন তিনি। অতীতে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বারবার জ্বলে উঠেছেন এই পাঞ্জাবি দুর্গপ্রহরী। ভিনিসিয়াসদের বিরুদ্ধেও সেরাটা উজাড় করে দিতে চান তিনি।
ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে থাকছেন একমাত্র বঙ্গসন্তান রহিম আলি। ২০১৭ অনূর্ধ্ব-১৭ প্রতিনিধিত্ব করেছেন তিনি। তারপর গঙ্গা দিয়ে পেরিয়েছে অনেক দল। যুব দলের গণ্ডি টপকে বর্তমানে সিনিয়র দলের আপফ্রন্টের অন্যতম ভরসা রহিম। ব্রাজিলের বিরুদ্ধে মেলে ধরতে মরিয়া তিনি। বললেন, ‘পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের বিরুদ্ধে খেলাটা অবশ্যই গর্বের। নেইমার আমার পছন্দের ফুটবলার। তবে সে ইতিমধ্যেই অবসর নিয়েছে। তবে ভিনিসিয়াস আছে। তাই আমাদের লড়াইটা সহজ হবে না। তবে একইসঙ্গে গত কয়েকটি ম্যাচে ওরা নিয়মিত গোল হজম করছে। এই দুর্বলতা কাজে লাগাতে হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে পা রাখছে ব্রাজিল। চোটের কারণে রাফিনহা বার্সেলোনায় ফিরেছেন। তবে বাকি ফুটবলারদের নিয়ে চাটার্ড ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে সরাসরি কলকাতায় আসছে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। শুক্রবার যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে সেলেকাওরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ