নয়াদিল্লি: জেফ্রি এপস্টাইনের লালসার শিকার হয়েছিল এক ভারতীয় কিশোরীও! সম্প্রতি যৌন অপরাধী সম্পর্কিত ৩০ লক্ষ পাতার নথি প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। সেই সূত্রেই প্রকাশ্যে এসেছে ওই ভারতীয় কিশোরীর কথা। ২০২০ সালের ১৩ জানুয়ারির ওই ইমেলে দেখা যাচ্ছে, সেই সময়ে মার্কিন প্রশাসন ওই ভারতীয় কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। ক্ষতিপূরণ দেওয়ার জন্যই তারা এই খোঁজ চালাচ্ছিল।
ইমেলের প্রেরক ও প্রাপকের নাম ঢেকে দেওয়া হয়েছে। শিরোনামের অংশে লেখা হয়েছে, ‘এপস্টাইন ভিক্টিমস’। সেখানে নিউ ইয়র্ক, ফ্লোরিডা সহ মার্কিন মুলুকের নির্যাতিতাদের আর্থিক সাহায্য পৌঁছানো বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় নির্যাতিতা সম্পর্কে বলা হয়েছে, ‘আপনি যদি আমাকে তাঁর (ভারতীয় নির্যাতিতা) নাম ও ঠিকানা দিতে পারেন, তবে সেদেশের দূতাবাসে থাকা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারব।’
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপিকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। এক্স হ্যান্ডলে এপস্টাইনকে পাঠানো হরদীপ সিং পুরীর একাধিক ইমেলের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অন্তত একজন ভারতীয় এপস্টাইনের হাতে নির্যাতিত হয়েছেন। অথচ কেন্দ্রের বিজেপি সরকারের কোনো হেলদোল নেই। মন্ত্রীকে বাঁচানোর মরিয়া চেষ্টা চলছে। ভুললে চলবে না হরদীপ পুরী এপস্টাইনের ‘দ্বীপ’ সম্পর্কে জানতেন। তাঁকে ‘মজা করবার’ জন্য উৎসাহিত করেছেন। চেষ্টা করেছেন, যাতে ভারত সম্পর্কে তাঁর আগ্রহ বৃদ্ধি পায়।’
পাশাপাশি, ২০১০ সালের ৮ জুলাই পাঠানো একটি ইমেল ঘিরেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ইমেলে এক নির্যাতিতা অভিযোগ করেছেন, ‘এপস্টাইনের সঙ্গে বিমান সফরে এক ভারতীয় প্রৌঢ় মত্ত অবস্থায় আমার সঙ্গে অশ্লীল আচরণ করেন। বারবার আমার সৌন্দর্যের প্রশংসা করছিলেন। নেশার ঘোরে বিমানের মধ্যেই ঘুমিয়ে পড়েন তিনি। ঘুম থেকে ওঠার পর আমাকে জড়িয়ে ধরে প্রেম নিবেদন করেছিলেন।’
২০১৪ সালের ৫ জুন এপস্টাইনকে পাঠানো বিল গেটসের একটি ইমেলে উঠে এসেছে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নাম। ইমেলে বিল প্রশ্ন করছেন, ‘আপনার কি মিস্টার বর্ধনের সঙ্গে দেখা করবার পরিকল্পনা রয়েছে?’ ভারতীয় পিআর কোম্পানির প্রোমোটার দিলীপ চেরিয়ানের সঙ্গেও যোগ ছিল এপস্টাইনের। এক সহকারী এপস্টাইনকে প্রশ্ন করেন, তিনি প্যারিসে দিলীপের সঙ্গে দেখা করতে চান কি না? প্রতীকী চিত্র।