নিউ ইয়র্ক: রোগীদের প্রয়োজন না থাকলেও এমন ওষুধ লিখতেন, যাতে তাঁরা মাদকাসক্ত হয়ে পড়তেন। এরপর ওই ওষুধ দেওয়ার বিনিময়ে রোগীদের যৌনসম্পর্ক স্থাপনে বাধ্য করতেন। এমনই মারাত্মক অভিযোগে মার্কিন মুলুকের নিউ জার্সিতে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক। অভিযুক্ত চিকিৎসক রীতেশ কালরাকে (৫১) বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। আদালত ১ লক্ষ মার্কিন ডলার বন্ডে জামিন দিলেও আপাতত ধৃতকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে।
আদালতের নির্দেশ, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর রোগী দেখতে পারবেন না ওই চিকিৎসক। জানা গিয়েছে, প্রয়োজন ছাড়াই রোগীদের অক্সিকোডন, প্রোমেথাজাইন সহ বিভিন্ন ধরনের ড্রাগ প্রেসক্রাইব করতেন তিনি। এরফলে ধীরে ধীরে রোগীরা মাদকাসক্ত হয়ে পড়তেন। আর সেই সুযোগ কাজে লাগাতেন অভিযুক্ত। প্রেসক্রিপশনে মাদক লেখার বিনিময়ে যৌন সুবিধা আদায় করতেন তিনি। এনিয়ে শুক্রবার নিউ জার্সি প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সমাজে চিকিৎসকদের একটি গুরুদায়িত্ব রয়েছে। কিন্তু দিনের পর দিন সেই পদ ও সম্মানের অপব্যবহার করেছেন চিকিৎসক কালরা। রোগীদের মাদকাসক্ত করে তুলে তাঁদের যৌন নিগ্রহ করেছেন। নিউ জার্সির স্বাস্থ্য পরিষেবাকে কলুষিত করেছেন। তদন্ত সূত্রে জানা গিয়েছে, ৩১ হাজারের বেশি প্রেসক্রিপশনে রোগীদের অক্সিকোডন খাওয়ার পরামর্শ দিয়েছিলেন রীতেশ। এখানেই শেষ নয়। কাউন্সেলিং সেশন, ভিজিটের নামে দিনের পর দিন ভুয়ো বিল বানিয়েছেন। যদিও তাঁর মক্কেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী মাইকেল বলদাসার।