মুম্বই, ৩০ মার্চ: আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে নতুন আর্থিক বছর। আগামী আর্থিক বছরে (২০২৫-২৬) ভারতের অর্থনীতি বৃদ্ধি পেতে পারে ৬.৫ শতাংশ হারে। সর্বশেষ রিপোর্টে এমনই সম্ভাবনার কথা জানাল আর্থিক উপদেষ্টা সংস্থা ইওয়াই। দীর্ঘ মেয়াদে বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিতও পাওয়া গিয়েছে রিপোর্টে।
সদ্য প্রকাশিত হয়েছে ইওয়াই ইকনমিক ওয়াচ-এর মার্চ মাসের সংখ্যা। যেখানে বলা হয়েছে, চলতি ২০২৪-২৫ আর্থিক বছরে (২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ) ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬.৪ শতাংশ। তবে আগামী আর্থিক বছরে তা বেড়ে ৬.৫ শতাংশ হবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত মাসে প্রকাশিত কেন্দ্রীয় সরকারি দপ্তর এনএসও-র রিপোর্টে ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য ৬.৫ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
এদিকে, ধীরে ধীরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধির উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে আর্থিক উপদেষ্টা সংস্থাটির রিপোর্টে। আগামী দু’দশকের মধ্যে তা উন্নত দেশগুলির সমতুল্য স্তরে নিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করা তারা। বর্তমানে শিক্ষা ক্ষেত্রে সরকারি বরাদ্দের হার জিডিপির মাত্র ৪.৬ শতাংশ। ধীরে ধীরে তা ৬.৫ শতাংশে টেনে তুলে আনা প্রয়োজন বলে মনে করে ইওয়াই। দেশের নবীন প্রজন্ম ও ক্রমবর্ধমান কর্মীর চাহিদার কথা মাথায় রেখে এই পদক্ষেপ একান্ত জরুরি বলে মনে করে তারা।