Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শ্যুটিংয়ে আরও দু’টি রুপো জিতল ভারত

আশা জাগিয়েও এল না সোনার পদক। তবে এশিয়ান গেমস শ্যুটিংয়ে সোমবারও ঝলমলে ভারতের পারফরম্যান্স। দলগত ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে এদিন দু’টি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছেন দেশের শ্যুটাররা।

শ্যুটিংয়ে আরও দু’টি রুপো জিতল ভারত
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: আশা জাগিয়েও এল না সোনার পদক। তবে এশিয়ান গেমস শ্যুটিংয়ে সোমবারও ঝলমলে ভারতের পারফরম্যান্স। দলগত ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে এদিন দু’টি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছেন দেশের শ্যুটাররা। সবমিলিয়ে শ্যুটিং রেঞ্জ থেকে আপাতত প্রাপ্ত পদকের সংখ্যা ৫। এদিন ১০ মিটার এয়ার রাইফেলে টিম ইভেন্টের ফাইনাল রাউন্ডে দারুণ শুরু করেছিল ভারত। হিমাংশু ধিলন, পার্থ মানে ও রুদ্রাংশ পাতিল স্কোর করেন ১৮৯০.১ পয়েন্ট। তবে তাঁদের ছাপিয়ে সোনাজয়ী চীনের সংগ্রহ ১৮৯৯ পয়েন্ট। এরপর ব্যক্তিগত ইভেন্টেও আলো ছড়ান হিমাংশু। ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জেতেন তিনি। হিমাংশুর প্রাপ্ত পয়েন্ট ২৫২.৪। এই ইভেন্টেই ব্রোঞ্জ পান রুদ্রাংশ। একটা সময় পর্যন্ত সোনার আশা জিইয়ে রেখেছিলেন তিনি। কিন্তু শেষদিকে পয়েন্ট নষ্ট করে নেমে যান তৃতীয় স্থানে। এরপর প্রত্যাবর্তন সম্ভব হয়নি। এই বিভাগে সোনা জিতেছেন চীনের শেন লিয়াও (২৫৩.২)। পাশাপাশি মহিলাদের ৬০ কেজি মার্শাল আর্টে ব্রোঞ্জ পেলেন সূচিকা তারিয়াল।

Advertisement

শ্যুটিংয়ের পাশাপাশি টেবিল টেনিসেও দুরন্ত জয় পেল ভারত। এদিন পাকিস্তানকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় মহিলা দল। যে কোনো মঞ্চে ভারত-পাক ডুয়েল মনেই আলাদা উত্তেজনা। তবে টিটি বোর্ডে প্রতিপক্ষকে মাথা তোলার সুযোগ দেননি সুতীর্থারা। প্রথম সিঙ্গলসে আরিনা খানকে পরাস্ত করেন বঙ্গকন্যা সুতীর্থা। ম্যাচের ফল ১১-৩, ১১-৩, ১১-৪। এরপর আরেক বঙ্গকন্যার দাপট। সিনড্রেলা দাস বশ মানান কালসুম খানকে। এই ম্যাচের ফল ১১-৬, ১১-৭, ১১-৫। এরপর ফতিমা খানকে অনায়াসে পরাস্ত করেন শ্রীজা আকুলা (১১-৪, ১১-৪ ও ১১-৫)। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল পুরুষ দলও। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারান সত্যেন গুনশেখরনরা। প্রথম সিঙ্গলসে হরমীত দেশাই উড়িয়ে দেন মহম্মদ খানকে। খেলার ফল ১১-৪, ১১-৩ ও ১১-৫। পরের ম্যাচে সহজ জয় ছিনিয়ে নেন সত্যেন। আব্বাস খানের বিরুদ্ধে তিনি জেতেন ১১-১, ১১-৮ ও ১১-৯ গেমে। এরপর পায়াস জৈন বশ মানান মহম্মদ খানকে (১১-২, ১১-৫ ও ১১-৭)। 
এদিনের পর ২৩ টি সোনা, ১০ টি রুপো ও ৫ টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে চীন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। আর মোট ৬টি পদক নিয়ে তালিকায় দ্বাদশ স্থানে ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ