Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শুটিংয়ে জোড়া রুপো জিতল ভারত, এশিয়ান গেমস ব্যাডমিন্টনে কোয়ার্টার-ফাইনালে সিন্ধুরা

শ্যুটিংয়ে ঝলমলে দিন। রবিবার জোড়া রুপো দিয়ে এশিয়ান গেমসে পদকের খাতা খুলল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে রুপো জেতেন সোনম মাসকার, ইলাভেনিল ভালারিভান, বিদারসা বিনোদরা।

শুটিংয়ে জোড়া রুপো জিতল ভারত, এশিয়ান গেমস ব্যাডমিন্টনে কোয়ার্টার-ফাইনালে সিন্ধুরা
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: শ্যুটিংয়ে ঝলমলে দিন। রবিবার জোড়া রুপো দিয়ে এশিয়ান গেমসে পদকের খাতা খুলল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে রুপো জেতেন সোনম মাসকার, ইলাভেনিল ভালারিভান, বিদারসা বিনোদরা। পাশাপাশি মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টেও রুপো জিতলেন ইলাভেনিল।

Advertisement

দলগত বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চীনের কাছে পরাস্ত হয় ভারত। ১৯০৪.২ পয়েন্ট নিয়ে সোনা জেতে চিনা মহিলারা। ভারতের সংগ্রহ ১৮৯৮ পয়েন্ট। পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে জাপানের তাইচি হিনাতার সঙ্গে সমানতালে লড়ছিলেন ভারতীয় তরুণী ইলাভেনিল। ২৫৩ পয়েন্টে শেষ করেন হিনাতা। তাঁর চেয়ে মাত্র ০.৬ পয়েন্টে পিছিয়ে পড়ে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় শ্যুটারকে (২৫২.৪)। এই বিভাগে ব্রোঞ্জ পান কোরিয়ার ব্যান হাইওজিন। গতবছর মিশরে আয়োজিত বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন তামিলনাড়ুর ইলাভেনিল। এশিয়ান গেমসেও পদক জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। ২০১৪ সালে কেরিয়ার শুরু। চার বছরের মধ্যেই চমক। সিডনিতে আয়োজিত যুব বিশ্বকাপে সোনা জিতে নজর কেড়ে নিয়েছিলেন ইলাভেনিল। তারপর ক্রমশ এগিয়ে চলেছেন এই শ্যুটার। পাশাপাশি মহিলাদের ৬০ কেজি মার্শাল আর্ট বিভাগে সেমি-ফাইনালে পৌঁছেছেন সুচিকা তারিয়াল। ফলে তাঁরও পদক জয় নিশ্চিত।
এদিকে, টেবিল টেনিসে দুরন্ত শুরু করেছে মহিলা দল। ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে বশ মানায় তারা। শ্রীজা আকুলা, দিয়া চিতালে ও যশস্বীনী ঘোরপাড়ে জয় ছিনিয়ে নেন। এরপর সিঙ্গাপুরের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে মহিলা দল। শ্রীজা ও দিয়া ম্যাচ হারার পর অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু মোক্ষম সময়ে জ্বলে ওঠেন যশস্বীনী। শেষপর্যন্ত ভারতের পক্ষে ফল দাঁড়ায় ৩-২। তবে হতাশ করল ভারতের পুরুষ দল। ইরানের কাছে ০-৩ ব্যবধানে পরাস্ত হয় তারা। পাশাপাশি ব্যাডমিন্টনে পদকের আশা জাগাচ্ছে মহিলা দল। এদিন কাজাখস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছালেন সিন্ধুরা। কোয়ার্টার  ফাইনালে তাঁদের প্রতিপক্ষ জাপান। রবিবার, কামিলা স্মাগুলোভাকে সহজেই বশ মানান সিন্ধু। ম্যাচের ফল ২১-৭, ২১-৯। এরপর উন্নতি হুডা পরাস্ত করেন আলিসা কুলেসোভাকে। এই ম্যাচের ফল ২১-৭ ও ২১-১০। এরপর দিয়ানা নামেনোভাকে টেক্কা দেন তনভি শর্মা। স্ট্রেট গেমে প্রতিপক্ষকে উড়িয়ে দেন ভারতীয় শাটলার। ২১-৫, ২১-১০ গেমে ম্যাচ জেতেন তিনি। তবে জাপান অন্যতম কঠিন প্রতিপক্ষ।
এশিয়ান গেমসে আপাতত তালিকায় প্রথম স্থানে রয়েছে চীন। ১১টি সোনা সহ তাদের প্রাপ্ত পদকের সংখ্যা ২০। দ্বিতীয় স্থানে জাপান। ৬টি সোনা সহ তাদের পদকের সংখ্যা ১৯। অন্যদিকে, ২টি রুপো নিয়ে পদক তালিকায় আপাতত দশম স্থানে ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ