Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০, সূর্যবংশীকে নিয়ে দোটানায় গম্ভীর

এশিয়ান গেমসে অভিষেক শর্মার সঙ্গে সেমি-ফাইনাল ও ফাইনালে ওপেন করেছিলেন উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী।

আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০, সূর্যবংশীকে নিয়ে দোটানায় গম্ভীর
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: এশিয়ান গেমসে অভিষেক শর্মার সঙ্গে সেমি-ফাইনাল ও ফাইনালে ওপেন করেছিলেন উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। বাধ্য হয়ে তিন নম্বরে নামানো হয়েছিল সঞ্জু স্যামসনকে। জাপানের পিচ স্পিন সহায়ক হওয়ায় একজন পেসারকে বসিয়ে অতিরিক্ত ব্যাটার খেলানো সম্ভবপর হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষে। কিন্তু মঙ্গলবার শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ওপেনার বৈভবের ওপেন করা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কোচ গৌতম গম্ভীর জিওহটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন, ‘বৈভব ভালো ফর্মে আছে। কিন্তু তার মানে এই নয় যে, ওকে সব ম্যাচে খেলানো হবে। সেটা আমরা ওকে বুঝিয়েছি। সোশ্যাল মিডিয়ার দাবি মেনে প্রথম একাদশ চয়ন করা যায় না। কোচ ও ক্যাপ্টেন জানে, দলে ঠিক কাদের রাখা দরকার। অভিজ্ঞতারও একটা দাম রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৈভবকে খেলানো মানে সঞ্জু বা অভিষেকের মধ্যে কোনও একজনকে বসাতে হয়। সেটা বেশ কঠিন। গত দেড় বছর ধরে আমরা টি-২০’তে ধারাবাহিকভাবে ভালো খেলছি। তাই তিন-চারটি ম্যাচে রান না পেলেই কাউকে বাসিয়ে দেওয়া যায় না। অতএব নতুনদের একটু অপেক্ষা করতেই হবে।’

Advertisement

গম্ভীরের কথা শুনে মনে হচ্ছে, বৈভবকে খেলানো নিয়ে তিনি বেশ দোটানায়। আসলে এক্ষেত্রে সমস্যা হল, পিচ ও পরিবেশ। লখনউয়ের একানা স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। সঙ্গে গতিও রয়েছে। পেসাররা সুবিধা পেতে পারে। তাছাড়া রাতের দিকে হালকা শিশির পড়ছে। স্পিনারদের বল গ্রিপ করতেও সমস্যা হবে। সবদিক মাথায় রেখেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে প্রথম একাদশ বাছতে হবে। খুব সম্ভবত, কুলদীপের সঙ্গে দ্বিতীয় স্পিনার হতে পারেন অক্ষর প্যাটেল।
অধিনায়ক হিসাবে শ্রেয়স আয়ারের কাছে এই সিরিজ বড় পরীক্ষা। এখনও পর্যন্ত তাঁর সাফল্য বলতে জিম্বাবোয়ে ও আফগানিস্তানের বিরুদ্ধে জয়। সেদিক থেকে শাই হোপের ওয়েস্ট ইন্ডিজ বিশের ফরম্যাটে ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানাবে। ভারতের পেস আক্রমণে অর্শদীপের সঙ্গে প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদবের মধ্যে কাউকে দেখা যেতে পারে। তাছাড়া নীতীশ রেড্ডি আছেন, যিনি প্রয়োজনে কয়েক ওভার হাত ঘোরাবেন। ভারতের ব্যাটিং খুবই শক্তিশালী। শ্রেয়স আয়ার, তিলক ভার্মার সঙ্গে শিবম দুবেও দলকে ভরসা জোগাতে সক্ষম। 
ওয়ান ডে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ ম্যাচ জিতে ড্যারেন স্যামির ছেলেরা মনোবল বাড়িয়ে নিয়েছে। তাছাড়া টি-২০’তে ক্যারিবিয়ানরা খুবই বিপজ্জনক। শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, রাদারফোর্ড, শেফার্ডের মতো ম্যাচ উইনার ভারতীয় বোলারদের কঠিন পরীক্ষায় ফেলবেন। 
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। 
সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ