Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

৩ অক্টোবর যুবভারতীতে প্রতিপক্ষ ভারত, ফিফা ফ্রেন্ডলি খেলতে শহরে আসছে ব্রাজিল

জল্পনার অবসান। প্রথমবারের জন্য ভারতের মাটিতে ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

৩ অক্টোবর যুবভারতীতে প্রতিপক্ষ ভারত, ফিফা ফ্রেন্ডলি খেলতে শহরে আসছে ব্রাজিল
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জল্পনার অবসান। প্রথমবারের জন্য ভারতের মাটিতে ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর ফুটবলের মক্কা যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিনিসিয়াসদের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন সন্দেশ-গুরপ্রীতরা। দেশের ফুটবলের ইতিহাসে যা অবশ্যই এক ‘রেড লেটার ডে’ হিসাবে উল্লেখ্য থাকবে। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে আনসেলোত্তি ব্রিগেড। সেখান থেকে সরাসরি কলকাতায় পা রাখবে তারা। সূত্রের খবর, মার্কিন মুলুকে বিশ্বকাপ চালাকালীন সিবিএফ কর্তাদের সঙ্গে এই ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনা চালায় ভারতের এক সংস্থা। অবশেষে বৃহস্পতিবার দু’পক্ষ সম্মতি জানাতেই আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করে ফেডারেশন। উল্লেখ্য, ১৯৯২ সাল  ফিফা র‌্যাংকিং চালু হওয়ার পর এই প্রথম পাঁচে থাকা কোনো দেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। এই প্রসঙ্গে এআইএফএফ সাধারণ সচিব সত্যনারায়ণ জানান, ‘ব্রাজিলের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলতে আসাটা ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক মূহূর্ত। আমাদের সকলের চেষ্টা থাকবে, সর্বশক্তি দিয়ে এই ম্যাচ সাফল্যের সঙ্গে আয়োজিত করা।’

Advertisement

১৯৭৭ সালে মোহন বাগানের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল আমেরিকার ক্লাব কসমস। সেই ম্যাচে ফুটবল সম্রাট পেলেকে দেখতে ইডেন গার্ডেন্স ছিল হাউসফুল। বর্তমানে অবশ্য ব্রাজিল জাতীয় দলের জৌলুস অনেকটাই কমেছে। বিশ্বকাপের পরই অবসর নিয়েছেন নেইমার। তা সত্ত্বেও কলকাতাবাসীর কাছে ব্রাজিল মানেই জোগো বোনিতো। বিশ্বকাপের সময় হলুদ-সবুজ পতাকায় ছেয়ে গিয়েছিল গোটা শহর। তাই আনসেলোত্তির ছেলেদের নিয়ে উন্মাদনায় কোনো খামতি থাকবে না। ভারতীয় ফুটবলারদের কাছেও এই ম্যাচের গুরুত্ব অসীম। দলের টিডি সুব্রত পাল বলেন, ‘ফুটবলারদের জন্য এটা নিছকই একটা ম্যাচ নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ খুব বেশি পাওয়া যায় না। আমি নিশ্চিত, এই ম্যাচটা ছেলেরা হৃদয় দিয়ে খেলতে নামবে।’ উল্লেখ্য, ২০১১ সালে শেষবার কোনো লাতিন আমেরিকার দল হিসেবে কলকাতায় খেলতে এসেছিল আর্জেন্তিনা। সেবার অবশ্য ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন মেসিরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ